খুলনায় দুই হাসপাতালে করোনায় ৬ জনের মৃত্যু
খুলনা নগরে অবস্থিত দুটি বেসরকারিসহ পাঁচটি করোনা হাসপাতালের মধ্যে দুটিতে করোনার সংক্রমণে ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। আগের ২৪ ঘণ্টায় এসব হাসপাতালে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছিল।
হাসপাতালগুলোর দৈনিকভিত্তিক প্রতিবেদন থেকে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অবস্থিত ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় মারা গেছেন ৫ জন। আর বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন একজন। এ ছাড়া শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতাল ও বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে কোনো করোনা রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
খুলনা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, করোনায় মারা যাওয়া ছয়জনই খুলনা জেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় ৪৫২ জনের নমুনা পরীক্ষায় ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৫১ শতাংশ।
রোগী ভর্তির তথ্য থেকে দেখা গেছে, আজ সকাল পর্যন্ত ২০০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালে রোগী ভর্তি আছেন ১০৮ জন। তাঁদের মধ্যে করোনায় আক্রান্ত রোগী আছেন ৩৬ জন এবং করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৪১ জন।
২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতালে (৮০ শয্যার করোনা ইউনিটে) বর্তমানে করোনায় আক্রান্ত রোগী ভর্তি আছেন ১২ জন। গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছেন, ছাড়পত্র পেয়েছেন ১ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১০টি আইসিইউসহ ৪৫ শয্যার করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩০ জন। তবে কোনো আইসিইউ শয্যা খালি নেই। গত ২৪ ঘণ্টায় ১ জন ভর্তি ও ২ জন ছাড়পত্র নিয়েছেন।
বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় প্রস্তুত করা ১৫০টি শয্যার বিপরীতে সেখানে রোগী ভর্তি আছেন ২৮ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে রোগী ভর্তি হয়েছেন ৪ জন এবং ছাড়পত্র নিয়েছেন ৮ জন।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৯০টি শয্যা আছে। বর্তমানে সেখানে রোগী ভর্তি আছেন ৪৪ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে ১৩ জন ভর্তি হয়েছেন, ৭ জন ছাড়পত্র পেয়েছেন।