খুলনায় দুই হাসপাতালে ৩ জনের মৃত্যু
খুলনা মহানগরে অবস্থিত পাঁচটি করোনা হাসপাতালের মধ্যে দুটিতে তিনজন করোনা রোগী মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। এর আগের ২৪ ঘণ্টায় খুলনার দুটি হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়।
হাসপাতালগুলোর দৈনিকভিত্তিক প্রতিবেদন থেকে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অবস্থিত ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আর বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন একজন। ওই সময়ের মধ্যে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতাল ও বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও কারও মৃত্যু হয়নি।
হাসপাতালগুলোতে রোগী ভর্তির তথ্য থেকে দেখা গেছে, আজ সকাল পর্যন্ত ২০০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালে রোগী ভর্তি আছেন ৬৬ জন। এর মধ্যে করোনা রোগী ২৩ জন এবং করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ২৫ জন। ২০টি আইসিইউ শয্যার ১৮টিই পরিপূর্ণ।
এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতালে ৮০ শয্যার করোনা ইউনিটে বর্তমানে কোনো করোনা রোগীই ভর্তি নেই।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১০টি আইসিইউসহ ৪৫টি শয্যা নিয়ে করা হয়েছে করোনা ইউনিট। ওই করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ২৫ জন। ১০টি আইসিইউ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৮ জন।
বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় প্রস্তুত করা হয়েছিল ১৫০টি শয্যা। বর্তমানে সেখানে রোগী ভর্তি আছেন নয়জন।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ৯০টি শয্যা। বর্তমানে সেখানে রোগী ভর্তি রয়েছেন ২৫ জন।