খুলনায় দুই হাসপাতালে ৪ জনের মৃত্যু
খুলনা মহানগরে অবস্থিত দুটি বেসরকারিসহ পাঁচটি করোনা হাসপাতালের মধ্যে দুটিতে চারজন করোনায় মারা গেছেন। গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। অন্য তিন হাসপাতালে এই সময়ের মধ্যে কোনো করোনা রোগী মারা যাননি। এ নিয়ে টানা সাত দিন খুলনায় করোনা রোগীর মৃত্যুর সংখ্যা দুই অঙ্কের নিচে থাকল।
হাসপাতালগুলোয় যে চার করোনা রোগী মারা গেছেন, তাঁদের মধ্যে তিনজন নারী।
হাসপাতালগুলোর দৈনিক প্রতিবেদন থেকে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অবস্থিত ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে তিন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে মারা গেছেন একজন। ওই সময়ের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতাল, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও কেউ মারা যাননি।
খুলনায় একদিকে যেমন করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যুসংখ্যা কমেছে, অন্যদিকে কমেছে হাসপাতালগুলোয় রোগীর চাপও। পাশাপাশি কমেছে সংক্রমণের হার। সব মিলিয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে খুলনার সাধারণ মানুষ ও চিকিৎসকদের মধ্যে।
মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলা ও সচেতনতা বৃদ্ধির কারণে রোগী শনাক্ত কমে গেছে বলে মনে করছেন খুলনার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ। তিনি বলেন, গত মাসে করোনা নিয়ে যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, সে তুলনায় বর্তমান পরিস্থিতি কিছুটা হলেও স্বস্তিদায়ক। তবে স্বাস্থ্যবিধি না মানলে আবার আগের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা তাঁর।
খুলনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, খুলনার দুটি হাসপাতালে যে চার করোনা রোগীর মৃত্যু হয়েছে, তার মধ্যে দুইজন খুলনা জেলার। বাকিরা অন্য জেলা থেকে খুলনায় চিকিৎসা নিতে এসেছিলেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় খুলনায় ৭৪৪টি নমুনা পরীক্ষা করে ১৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ১৯ শতাংশ।
রোগী শনাক্ত কমে যাওয়ায় হাসপাতালগুলোয় কমেছে রোগীর চাপ। করোনা চিকিৎসার জন্য প্রস্তুত প্রায় সব কটি হাসপাতালে এখন বেশ কয়েকটি করে শয্যা খালি আছে। তবে সাধারণ শয্যা খালি থাকলেও চাহিদা রয়েছে আইসিইউ শয্যার। খুলনার দুটি সরকারি হাসপাতালে যে ৩০টি আইসিইউ শয্যা রয়েছে, তার কোনোটিই এখন পর্যন্ত খালি হচ্ছে না। কেউ মারা গেলে সেখানে অন্য রোগী ভর্তি করা হচ্ছে।
রোগী ভর্তির তথ্য থেকে দেখা গেছে, আজ সকাল পর্যন্ত ২০০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালে ভর্তি আছেন ১২৩ রোগী। এর মধ্যে করোনায় আক্রান্ত ৪৭ জন ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন ৪৫ জন। এ ছাড়া ওই হাসপাতালে থাকা ২০টি এইচডিইউতে ভর্তি আছেন ১১ জন। আর ২০টি আইসিইউ শয্যার সব কটিতেই রোগী আছেন।
এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতালে (৮০ শয্যার করোনা ইউনিট) বর্তমানে করোনা রোগী ভর্তি আছেন ২৯ জন। গত ২৪ ঘণ্টায় ওই হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন পাঁচ করোনা রোগী। আর ছাড়পত্র নিয়েছেন ১১ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১০টি আইসিইউসহ ৪৫ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ভর্তি আছেন ৩৯ রোগী। তবে কোনো আইসিইউ শয্যা খালি নেই। গত ২৪ ঘণ্টায় সেখানে ৩ করোনা রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন ১ জন।
বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় প্রস্তুত করা হয়েছিল ১৫০টি শয্যা। বর্তমানে সেখানে ভর্তি আছেন ৫৭ রোগী। গত ২৪ ঘণ্টায় সেখানে ভর্তি হয়েছেন ৬ জন ও ছাড়পত্র নিয়েছেন ৬ জন।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ৯০টি শয্যা। বর্তমানে সেখানে ভর্তি রয়েছেন ৬৫ রোগী। ২৪ ঘণ্টায় সেখানে ৯ জন ভর্তি ও ১০ জন ছাড়পত্র নিয়েছেন।