খুলনায় দ্বিতীয় ডোজ নিতে ভিড় নেই, তবে খোঁজ জানতে হাজির অনেকে
খুলনায় এক মাস আগে করোনার গণটিকা কার্যক্রমের প্রথম দিন প্রথম ডোজ পেয়েছিলেন ৫৬ হাজার ২৩২ জন। ওই দিন প্রথম ডোজ নেওয়ার জন্য মানুষের দীর্ঘ লাইন, হুড়োহুড়ি আর অব্যবস্থাপনার যে চিত্র ছিল, আজ মঙ্গলবার দ্বিতীয় ডোজের কার্যক্রমের দিন তা আর দেখা যায়নি। আজ গণটিকাদান কেন্দ্রে ভিড় ছিল না। দুপুরের মধ্যে বেশির ভাগ কেন্দ্রে ৮০ থেকে ৯০ শতাংশ টিকা দেওয়া শেষ হয়েছে। তবে প্রথম ডোজ পাওয়ার আশায় অনেকে কেন্দ্রে হাজির হয়েছেন। অনেকে কেন্দ্রে এসে প্রথম ডোজের টিকা সম্পর্কে নানা খোঁজখবরও নিয়েছেন।
বেলা পৌনে ১১টার দিকে খুলনা সিটি করপোরেশন দোলখোলা এলাকার ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের দেখা যায়, কোথাও ভিড় নেই। কেন্দ্রের ভেতরে চেয়ার ও বেঞ্চে অনেকে বসে আছেন। স্বেচ্ছাসেবকেরা আগেরবার দেওয়া টিকা কার্ড জমা নিচ্ছেন। এরপর একে একে টিকা নিয়ে বেরিয়ে যাচ্ছেন টিকাগ্রহীতারা। তবে অল্প মানুষ হলেও সামাজিক দূরত্বের কোনো বালাই ছিল না। কেউ মাস্ক পরেছেন, কেউ পরেননি। বেশির ভাগেরই সঠিকভাবে মাস্ক পরা নেই। ওই কেন্দ্রে মডার্নার টিকা দেওয়া হচ্ছে।
টিকাদান কক্ষের বাইরে চেয়ারে বসে অপেক্ষা করছিলেন সীমা বালা মণ্ডল। তিনি বলেন, প্রথম ডোজ নেওয়ার সময় হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ব্যাপক ছিল। ভীষণ কষ্ট হয়েছিল। আজ ভিড় নেই। পরিবেশ মোটামুটি ভালোই। পাশ থেকে মো. মনিরুজ্জামানও একই রকম অভিজ্ঞতার কথা বলেন।
আগে যাঁরা গণটিকা কার্যক্রমে প্রথম ডোজ পেয়েছেন, শুধু তাঁদেরই দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। প্রথম ডোজের কোনো কার্যক্রম ছিল না। তারপরও কেন্দ্রে কেন্দ্রে অনেক এসেছিলেন টিকার প্রথম ডোজ পাওয়ার জন্য। এমনই একজন বাগমারা আবদুর রহিম সড়কের পারুল বেগম (৫৯)। প্রথম আলোকে তিনি বলেন, ‘আগেরবার এখানে লাইনে দাঁড়িয়েও টিকা পাইনি। তখন এখানকার লোকজন বলেছিল, পরের মাসে আবার যখন গণটিকা দেবে, তখন আসতে। কাল গণটিকা নিয়ে মাইকিং হয়েছে। তাই আজ আসলাম। এখন আবার তো ফিরে যেতে হচ্ছে।’
খুলনার সরকারি বিএল কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিংকু সরকারও টিকার বিষয়ে খোঁজ নিতে এসেছিলেন। তিনি বলেন, ‘স্কুল-কলেজ খুলছে, অথচ টিকা নিতে পারিনি। গত মাসের ১৫ তারিখ নিবন্ধন করেছি, তবে টিকা পাইনি। আমার পরে বন্ধুরা অনেকে নিবন্ধন করে টিকা পেয়েছে। গণটিকা কেন্দ্রে এসে দেখলাম, কোনো ব্যবস্থা হয় কি না। কিন্তু হতাশা কাটল না।’
ওই কেন্দ্রের স্বেচ্ছাসেবী গাজী আবদুল আল নোমান বলেন, ‘এবার আর কোনো বিশৃঙ্খলা নেই। তারপরও অনেকে দুই-চার মিনিট বসে থাকতেই অধৈর্য হচ্ছেন। টিকা কার্ড জমা নেওয়ার পর আমরা তা খাতায় এন্ট্রি করে রাখছি। সবাই টিকা কার্ড নিয়েই আসছেন। বেলা ১১টা পর্যন্ত ১২৫ জনকে টিকা দেওয়া হয়েছে। তবে প্রথম ডোজ নিতে অনেকে আসছেন, আমরা তাঁদের ফিরিয়ে দিচ্ছি।’
দুপুর ১২টার দিকে ২৪ নম্বর ওয়ার্ডের রায়পাড়া নবারুণ সংসদ ক্লাব কেন্দ্রে দেখা যায়, সেখানে টিকাদানকর্মী ও স্বেচ্ছাসেবকেরা টিকার ডোজের হিসাব মেলাচ্ছেন। টিকা নেওয়ার জন্য কেউ তখন নেই। তালিকা দেখে স্বেচ্ছাসেবকেরা অনেককে কেন্দ্রে আসার জন্য ফোন করছেন। ১২টার মধ্যে ওই কেন্দ্রে ১৭০ জনের মতো মানুষকে টিকা দেওয়া হয়েছিল।
কেন্দ্রের স্বেচ্ছাসেবক অনামিকা দাশ প্রথম আলোকে বলেন, ‘অনেকে এসেছিলেন টিকার প্রথম ডোজ পাওয়ার বিষয়ে খোঁজ নিতে। তাঁদেরকে আমরা বুঝিয়ে বলেছি। আর প্রথম ডোজের সময় দেওয়া টিকা কার্ড সঙ্গে নিয়েই প্রায় প্রত্যেকে দ্বিতীয় ডোজের টিকা নিতে এসেছেন। বয়স্ক ও নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’
কেউ টিকা কার্ড হারিয়ে ফেললে কী করবেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, একজন ছিলেন যিনি টিকা কার্ড হারিয়ে ফেলেছিলেন। আইডি কার্ড, ফোন নম্বর মিলিয়ে তাঁকে টিকা দেওয়া হয়েছে।
খুলনা জেলার ৯টি উপজেলা ও ২টি পৌরসভায় ২১৪টি বুথে এবং খুলনা সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ৩টি করে মোট ৯৩টি বুথে টিকা দেওয়া হচ্ছে। প্রতি বুথে ২০০ জনকে টিকা দেওয়ার কথা রয়েছে।