খুলনায় নতুন করোনা ইউনিট চালুর প্রথম দিনেই রোগীর চাপ
হাসপাতালে করোনা রোগীদের জন্য ১০টি আইসিইউ শয্যাসহ ৪৫টি শয্যা রাখা হয়েছে। কর্তৃপক্ষের ধারণা আগামী ২৪ ঘণ্টার মধ্যেই পুরো ইউনিটের সব শয্যায় রোগী ভর্তি হয়ে যাবে।
খুলনায় করোনা রোগীর চাপ সামাল দিতে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে করোনা রোগী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার প্রথম দিনেই এ হাসপাতালের করোনা ইউনিটে ছিল রোগীর চাপ। বেলা ২টার মধ্যে ১১ জন রোগী ওই ইউনিটে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪ জন আইসিইউতে।
হাসপাতালে করোনা রোগীদের জন্য ১০টি আইসিইউ শয্যাসহ ৪৫টি শয্যা রাখা হয়েছে। প্রাথমিকভাবে ১১ জন মেডিকেল অফিসার ও ৩০ জন নার্স দিয়ে চিকিৎসাসেবা চালিয়ে নেওয়ার পরিকল্পনা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের ধারণা আগামী ২৪ ঘণ্টার মধ্যেই পুরো ইউনিটের সব শয্যায় রোগী ভর্তি হয়ে যাবে।
হাসপাতালের জরুরি বিভাগসংলগ্ন প্লাস্টিক অ্যান্ড বার্ন ইউনিটের ২০টি ও ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে ১৫টি শয্যা করোনা রোগীর চিকিৎসায় প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া চতুর্থ তলায় অবস্থিত আইসিইউ ইউনিটের সব শয্যা (১০টি) মুমূর্ষু করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে।
হাসপাতালে ভর্তি অন্যান্য করোনা রোগীর জন্য অক্সিজেনের ব্যবস্থা থাকলেও সেখানে নেই কোনো হাই ফ্লো নাজাল ক্যানুলা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন জায়গা থেকে হাই ফ্লো নাজাল ক্যানুলা উপহার হিসেবে পাওয়ার চেষ্টা করা হচ্ছে।
শনিবার সকালে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং খুলনা-৩ আসনের সাংসদ বেগম মন্নুজান সুফিয়ান অনলাইনের মাধ্যমে যুক্ত থেকে ওই হাসপাতালের করোনা ইউনিটের উদ্বোধন করেন।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক এ টি এম মঞ্জুর মোর্শেদ, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও করোনা ইউনিটের মুখপাত্র প্রকাশ চন্দ্র দেবনাথ হাসপাতাল থেকে প্রতিমন্ত্রীর সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
গত ২৯ জুন স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিঠি দিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে করোনা ইউনিট চালুর নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশের পর গত বুধবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ সব বিভাগীয় প্রধানদের নিয়ে বৈঠক করে ৪৫ শয্যার করোনা ইউনিট চালুর সিদ্ধান্ত নেয়।
সিদ্ধান্ত অনুযায়ী, নিচ তলা থেকে রোগীদের চতুর্থ তলার আইসিইউতে নেওয়ার জন্য আলাদা একটি লিফট ব্যবহার করা হবে।
করোনা ইউনিটের মুখপাত্র প্রকাশ চন্দ্র দেবনাথ বলেন, এখানে শুধু করোনায় আক্রান্ত রোগী ভর্তি করা হবে। হাসপাতালে বর্তমানে চিকিৎসক ও নার্স সংকট রয়েছে। বিশেষায়িত ওই হাসপাতালে অন্যান্য রোগের জন্য ১০টি বিভাগ চালু থাকলেও তাতে যে পরিমাণ মেডিকেল অফিসার দরকার, তার অর্ধেকও সেখানে নেই। তারপরও মন্ত্রণালয়ের নির্দেশে তাৎক্ষণিকভাবে মোট ১১ জন মেডিকেল অফিসার ও ৩০ জন নার্স দিয়ে করোনা ইউনিটের যাত্রা শুরু করা হয়েছে।
এদিকে খুলনার একটি বেসরকারিসহ অন্য তিনটি করোনা হাসপাতালে রোগীর চাপ বেড়েই চলেছে। আজ শনিবার সকাল পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অবস্থিত ১৩০ শয্যাবিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে ২১৩ রোগী ভর্তি ছিলেন। ওই হাসপাতালে শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬ জন করোনা রোগী মারা গেছেন।
এ ছাড়া, ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতালে রোগী ভর্তি ছিলেন ৭০ জন। সেখানে গত ২৪ ঘণ্টায় ১ জন মারা গেছেন। আর বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন ১২০ জন। গত ২৪ ঘণ্টায় ওই হাসপাতালে ৪ করোনা রোগী মারা গেছেন।
খুলনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে আজ শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ১১ করোনা রোগী মারা গেছেন। এর মধ্যে ৭ জন খুলনা জেলার। ওই সময়ের মধ্যে ১৮০টি নমুনা পরীক্ষা করে ৭৪টিতে করোনার উপস্থিতি পাওয়া গেছে। সংক্রমণ ৪১ শতাংশ।