সাক্ষাৎকার
খুলনায় নতুন শিল্পায়নের পথে বড় বাধা গ্যাস
খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস। পদ্মা সেতু চালুর পর খুলনা অঞ্চলে ব্যবসা ও শিল্পকারখানায় বিনিয়োগের সম্ভাবনা নিয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন উত্তম মণ্ডল
প্রশ্ন :
প্রথম আলো: পদ্মা সেতু চালু হলে খুলনার মানুষের আর্থসামাজিক অবস্থায় কেমন প্রভাব পড়বে?
সিদ্দিকুর রহমান: পদ্মা সেতু চালুর পর এপারের ২১ জেলার আর্থসামাজিক চিত্র অনেক বদলে যাবে। মানুষের মধ্যে কর্মচাঞ্চল্য সৃষ্টির পাশাপাশি সামাজিক গতিশীলতা বাড়বে। দেশের এ অঞ্চল, বিশেষ করে খুলনায় শিল্পে বিনিয়োগ বাড়বে, কাঁচামাল সরবরাহ সহজলভ্য হবে, শিল্পায়ন ও নগরায়ণের প্রসার ঘটবে। আর কৃষির উন্নয়ন তো হবেই। ভাঙ্গা উপজেলার তিন দিকে তিনটি রাস্তা চলে গেছে—একটি বরিশাল, একটি খুলনা, আরেকটি রাজবাড়ী, যশোর ও বেনাপোলের দিকে। তিনটি সড়ক যুক্ত হবে মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং বেনাপোল স্থলবন্দরের সঙ্গে। ফলে তিন বন্দর দিয়ে আমদানি পণ্য দ্রুত ঢাকাসহ শিল্পাঞ্চলগুলোয় ঢুকতে পারবে। এতে অর্থপ্রবাহ বাড়বে। অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবে বহুমুখী খাত।
প্রশ্ন :
প্রথম আলো: পদ্মা সেতু ঘিরে খুলনায় ব্যবসা-বাণিজ্যের কতটা প্রসার হবে বলে মনে করেন?
সিদ্দিকুর রহমান: খুলনা থেকে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে স্বল্প সময়ে যোগাযোগ করা যাবে। খুলনা থেকে ঢাকায় মালামাল পৌঁছাতে পদ্মার পাড়ে গিয়ে কখনো ২০ ঘণ্টা বা কখনো এর বেশি সময় বসে থাকতে হয়। সেতু চালু হলে ওই ভোগান্তি আর থাকবে না। খুলনা অঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য ও মাছ দ্রুত সময়ে রাজধানীতে যাওয়ার ফলে কৃষক ও মৎস্যজীবীরা তাঁদের পণ্যের ন্যায্যমূল্য পাবেন। সবচেয়ে বড় কথা, মধ্যস্বত্বভোগীরা আগে যে সুবিধাটা নিত, সেটি এখন কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা পাবেন।
প্রশ্ন :
প্রথম আলো: শিল্পোদ্যোক্তারা খুলনায় বিনিয়োগে কতটা আগ্রহী হবেন?
সিদ্দিকুর রহমান: পদ্মা সেতু ঘিরে এরই মধ্যে শিল্পকারখানা গড়ে তুলতে বিনিয়োগে এগিয়ে আসছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা লাভের চিন্তা একটু বেশি করেন। খুলনা ও মোংলা বন্দর এলাকার রাস্তার আশপাশের জায়গা বড় বড় শিল্প গ্রুপ কিনে ফেলছে। তারা এখানে শিল্পকারখানা গড়ে তুলবে। এ অঞ্চলে শিল্প, বিশেষ করে রপ্তানিমুখী শিল্প গড়ে তুললে মাত্র এক ঘণ্টার মধ্যে মোংলা বন্দরের মাধ্যমে মালামাল বোঝাই-খালাস এবং পদ্মা সেতুর মাধ্যমে স্বল্প সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো যাবে। এমন ভাবনা থেকে বিনিয়োগকারীরা খুলনা অঞ্চলে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন।
প্রশ্ন :
প্রথম আলো: খুলনা অঞ্চলে নতুন শিল্পায়নে কোনো বাধা আছে বলে মনে করেন?
সিদ্দিকুর রহমান: খুলনা অঞ্চলে নতুন শিল্পায়নের পথে এখন প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে গ্যাস। বাসাবাড়িতে গ্যাস দরকার নেই। তবে শিল্পের জন্য অবশ্যই গ্যাস দরকার। গ্যাস ছাড়া উৎপাদন খরচ বেশি। খুলনাকে পূর্ণরূপে শিল্পনগরী করতে গেলে খুলনায় গ্যাসের ব্যবস্থাটা করা জরুরি।
প্রশ্ন :
প্রথম আলো: মোংলা বন্দর কেমন গতিশীল হবে বলে মনে করেন?
সিদ্দিকুর রহমান: সেতুর সুবিধা পেলে আমদানি–রপ্তানিতে মংলা বন্দরের ব্যবহার বাড়বে। ঢাকা থেকে চট্টগ্রামের চেয়ে মোংলা বন্দরে যাতায়াত সহজ হবে। এতে ব্যবসায়ীরা অল্প সময়ের মধ্যে পণ্য পরিবহন করে এই বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানিতে আগ্রহী হবেন। মোংলা বন্দরকেন্দ্রিক
নতুন নতুন শিল্পকারখানা গড়ে উঠবে। দেশের বৈদেশিক মুদ্রা উপার্জনের অন্যতম বৃহৎ খাত চিংড়ি, হিমায়িত মৎস্য এবং পাটশিল্পের রপ্তানি বাণিজ্য আরও গতিশীল, সহজ ও সম্প্রসারিত হবে। পদ্মা সেতু এবং মোংলা বন্দরের রেল সংযোগের ফলে ভারত, ভুটান ও নেপাল এই বন্দর ব্যবহারে আরও বেশি আগ্রহী হবে।