খুলনায় নারায়ণগঞ্জ-ফেরৎ দুই নারীর করোনা শনাক্ত

খুলনার দাকোপ উপজেলায় প্রথমবারের মতো দুজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তৈরি পোশাক কারখানার ওই দুই নারী কর্মী নারায়ণগঞ্জ থেকে সম্প্রতি গ্রামের বাড়িতে আসেন।
শনিবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁদের প্রতিবেদন করোনা 'পজিটিভ' আসে। এ নিয়ে খুলনা জেলায় ১৬ জন করোনায় আক্রান্ত হলেন। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল ওয়াদুদ শনিবার রাতে ওই দুই নারীর বাড়ি লকডাউন করে দিয়েছেন।
দাকোপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, করোনা আক্রান্ত দুই নারী দাকোপ উপজেলার একই গ্রামের বাসিন্দা। তাঁরা নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করতেন।গত ২৬ এপ্রিল তাঁরা সেখান থেকে গ্রামে আসেন। যেদিন আসেন, সেদিন থেকেই তাঁদের হোম কোয়ারেন্টনে রাখা হয়। ২৭ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। শনিবার পরীক্ষার প্রতিবেদন পেয়েছেন তাঁরা। তাতে দুজনই করোনা 'পজিটিভ' হিসেবে শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগ বলছে, বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই তারা দ্রুত পদক্ষেপ নিয়েছে। স্থানীয় প্রশাসনের সমন্বয়ে দুই নারীর বাড়ি লকডাউন করা হয়েছে। তাঁরা এখন পর্যন্ত সুস্থ্য আছেন। তাই আপাতত বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের করোনার জন্য নির্ধারিত বিশেষায়িত হাসপাতালে পাঠানো হবে।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, ওই দুই নারীর বাড়ি লকডাউন করা হয়েছে।
এখন পর্যন্ত খুলনা জেলায় ১৬ করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনা নগরের সাতজন, সাতজন রূপসা উপজেলার এবং দুইজন দাকোপের। ওই ১৬ জনের মধ্যে ৩ জন চিকিৎসক একজন নার্সসহ ৭ জন স্বাস্থ্যকর্মী। তিনজন চিকিৎসক ঢাকায় চিকিৎসাধীন।