খুলনায় পরীক্ষা, শনাক্তের সংখ্যা ও মৃত্যু কমেছে
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে কুষ্টিয়ার একজন মারা গেছেন। একই সময়ে ৬৪০টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৬৬। আজ শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিভাগে আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ৭। ওই সময়ে বিভাগে করোনায় তিনজন মারা যান। আর ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। শেষ ২৪ ঘণ্টায় আগের সময়ের চেয়ে ৫৬৫টি নমুনা কম পরীক্ষা হয়েছে। এতে বিভাগে করোনার নমুনা পরীক্ষা, শনাক্তের সংখ্যা, শনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা কমেছে।
বিভাগে মোট মৃত্যুর সংখ্যা এখন ৩ হাজার ১৩৮। মৃত্যুর হার ২ দশমিক ৮ শতাংশ। মৃত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ৭৯৭ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুষ্টিয়ায় ৭৭০ জন। এ ছাড়া যশোরে ৪৯২ জন, ঝিনাইদহে ২৬৬, চুয়াডাঙ্গায় ১৮৯, মেহেরপুরে ১৮১, বাগেরহাটে ১৪৪, নড়াইলে ১২১, মাগুরায় ৯০ ও সাতক্ষীরায় ৮৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিভাগে নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ রোগী কুষ্টিয়ায় ১০ জন। এ ছাড়া খুলনায় ৪ জন, ঝিনাইদহে ২ জন ও মেহেরপুরে একজনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় বাগেরহাট, যশোর, নড়াইল, মাগুরা, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় কারও করোনা শনাক্ত হয়নি। এর মধ্যে মাগুরা ও বাগেরহাটে কোনো পরীক্ষা হয়নি।