খুলনায় পাওনা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দোকানদার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হৃদয় শেখ (২৪) নামের এক মুদিদোকানিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মিঠু নামের আরেক দোকানি আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যার পর ওই ঘটনা ঘটে। নিহত যুবক এলাকার হারুন শেখের ছেলে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ইফতারের পর পাওনা টাকা নিয়ে তর্কবিতর্কে কয়েক যুবক হৃদয় শেখকে ছুরিকাঘাত করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। হামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা গেছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জানা গেছে, হৃদয় শেখ ও তাঁর খালাতো ভাই মিঠুর পাশাপাশি দুটি মুদিদোকান। মিঠুর দোকান থেকে স্থানীয় এক যুবক বাকিতে মালামাল নিতেন। পাওনা টাকা চাওয়ায় গতকাল বুধবার দুপুরে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার জেরে সন্ধ্যায় কয়েক যুবক ওই স্থানে গিয়ে মিঠুকে মারধর করতে থাকেন। এ সময় বাধা দিতে গেলে হৃদয় শেখকে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এলাকাবাসীর ভাষ্য, হামলাকারীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বখাটে।