খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত, বাড়ি লকডাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনা জেলায় প্রথম কোনো করোনা রোগী শনাক্ত হয়েছেন। সোমবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর পরীক্ষাগারে পরীক্ষার পর ওই তথ্য জানা যায়। এ ঘটনায় ওই ব্যক্তির বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তির বয়স ৬২ বছর। তাঁর বাড়ি খুলনা নগরে। বেশ কিছুদিন তাবলিগ জামায়াতে ঢাকাসহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে ৪ এপ্রিল খুলনায় আসেন তিনি।

খুলনা সিভিল সার্জন সুজাত আহমেদ বলেন, গত বছরের ১৫ ডিসেম্বরের তাবলিগ জামায়াতে বের হন ওই ব্যক্তি। প্রথম ৪০ দিন ছিলেন কয়রা উপজেলায়। এরপর ৭০ দিন ছিলেন নরসিংদীর মনোহরপুর ও শিবপুর উপজেলায়। শেষ ১০ দিন ছিলেন ঢাকায়। তাঁর শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। তবে হালকা শুষ্ক কাশি ছিল। বেশ কিছুদিন কাশি থাকার পরও তা বন্ধ না হওয়ায় তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে যান। সেখানেই তাঁর নমুনা পরীক্ষার পর করোনা শনাক্ত হয়।

সিভিল সার্জন সুজাত আহমেদ বলেন, ওই ব্যক্তি বাড়ির তৃতীয় তলায় অবস্থান করছেন। বাড়ির অন্য সদস্যরা রয়েছেন দ্বিতীয় তলায়।  তিনি অন্য যেসব মানুষের সংস্পর্শে গিয়েছিলেন তা যাচাই করার কাজ চলছে।