খুলনায় বকেয়া পাওনার দাবিতে রাস্তায় কয়েক শ পাটকলশ্রমিক
রাষ্ট্রায়ত্ত পাটকল চালু, অস্থায়ী ও দৈনিকভিত্তিক শ্রমিকদের যাবতীয় পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত খুলনা নগরের খালিশপুর জুট মিলের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খালিশপুরের বিআইডিসি সড়কে খালিশপুর ও দৌলতপুর জুট মিলস কারখানা কমিটি ওই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত জুট মিলের কয়েক শ শ্রমিক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার ঘোষণা করেছিল, রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের তিন মাসের মধ্যেই শ্রমিকদের সব পাওনা পরিশোধ করা হবে। কিন্তু পাটকল বন্ধের এক বছরের বেশি সময় পার হয়ে গেলেও এখনো কয়েক শ শ্রমিক তাঁদের পাওনা বুঝে পাননি।
বিশেষ করে অস্থায়ী ও বদলি শ্রমিকেরা এখনো কোনো টাকাই পাননি। এ কারণে শ্রমিক পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে। লকডাউনের মধ্যে যখন সবকিছু বন্ধ, তখন শ্রমিকেরা বেকার হওয়ায় তাঁদের আর্থিক কষ্টের মাত্রা আরও বেড়ে গেছে।
বক্তারা বলেন, লোকসান ও দুর্নীতির অজুহাত দেখিয়ে মিলগুলো বন্ধ করা হয়েছে। কিন্তু শ্রমিকেরা তো কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। যাঁরা দুর্নীতি করে কোটি টাকার মালিক হয়েছেন, তাঁরা এখনো স্বপদে বহাল। আর দুর্নীতির দায় চাপিয়ে দেওয়া হয়েছে শ্রমিকদের ওপর।
পাটকলগুলো আধুনিকায়ন করে শ্রমিকদের কাছে ছেড়ে দিলে শ্রমিকেরা সেখান থেকে সরকারকে মুনাফা দেবে। মানববন্ধন থেকে রাষ্ট্রায়ত্ত সব পাটকল আবারও সরকারি ব্যবস্থাপনায় চালু করার দাবি জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন খালিশপুর জুট মিল কারখানা কমিটির আহ্বায়ক মো. মনিরুজ্জামান। ওই সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর কবীরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সমন্বয়ক রুহুল আমিন, পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্যসচিব এস এ রশিদ, যুগ্ম আহ্বায়ক জনার্দন দত্ত, গণসংহতি আন্দোলন খুলনা জেলার সমন্বয়কারী মনির চৌধুরী, বদলি ও অস্থায়ী শ্রমিক খুলনা-যশোর আঞ্চলিক কমিটির আহ্বায়ক ইলিয়াস আলী, ভারপ্রাপ্ত সদস্যসচিব আবদুর রাজ্জাক, ইস্টার্ন জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।