খুলনায় বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ডুমুরিয়া বাজার মহিলা কলেজ মোড় এলাকায় বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এদিকে বন্ধুর বাবার জানাজা থেকে ফেরার পথে ফেনীতে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে  মোটরসাইকেলের এক আরোহী মারা গেছেন।  

খুলনায় নিহত ব্যক্তিরা হলেন উপজেলার সাজিয়াড়া গ্রামের মাহেন্দ্রচালক আমিনুল ইসলাম (৫৫) ও যাত্রী উপজেলার সাহস গ্রামের মিজানুর রহমান শেখ (৬০)।

স্থানীয় লোকজন, প্রত্যক্ষদর্শী এবং হাসপাতাল সূত্র জানায়, সাতক্ষীরা থেকে একটি যাত্রীবাহী বাস খুলনায় আসছিল। পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া বাজার মহিলা কলেজ এলাকায় বাসটির একটি মাহেন্দ্রর সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হন। পরে তাঁদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আমিনুল (৫৫) ও মিজানুর (৬০)। দুর্ঘটনায় আহত আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক। তবে তাঁর পরিচয় জানা যায়নি।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডুমুরিয়া মহিলা কলেজের বিপজ্জনক মোড়ে যাত্রী নিয়ে মাহেন্দ্রটি মহাসড়কে উঠছিল, এ সময় দুর্ঘটনাটি ঘটে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার তুষার পোদ্দার জানান, দুজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। আর একজনকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ফেনীতে নিহত ব্যক্তির নাম জাহিদ হোসেন (১৮)। তিনি ফেনীর একটি বেসরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। জাহিদ ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। তাঁরা ফেনীর একাডেমি বনানীপাড়া এলাকায় বসবাস করেন।

গতকাল বুধবার সন্ধ্যায় ফেনী-ছাগলনাইয়া সড়কের রানীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বন্ধুর বাবার জানাজা থেকে ফিরছিলেন জাহিদ। পথে অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি মোটরসাইকেলসহ ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তির কিছুক্ষণ পর রাত ১১টার দিকে জাহিদ মারা যান।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।