খুলনায় বাসা থেকে সাবেক শ্রমিকনেতার লাশ উদ্ধার
খুলনার ফুলতলায় ঘরের মধ্যে থেকে এক পাটকল শ্রমিকনেতার লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার যোগিপোল ইউনিয়নের জাবদিপুর গ্রামের এক ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত ওই ব্যক্তির নাম মতিয়ার রহমান (৫৫)। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। তিনি বন্ধ হওয়া বেসরকারি এ্যাজাক্স জুট মিলের সাবেক সিবিএ নেতা। প্রায় এক মাস আগে ওই এলাকায় এক কক্ষ ভাড়া নিয়ে একা বসবাস শুরু করেন তিনি।
স্থানীয় লোকজন জানান, ২০০৭ সালে পাটকলটি বন্ধ হয়ে যাওয়ার পর মতিয়ার রহমান সৌদি আরবে পাড়ি জমান। সম্প্রতি সেখান থেকে তাঁর হৃদ্রোগ ধরা পড়ায় তিনি দেশে চলে আসেন। মাদারীপুরে তাঁর স্ত্রী এক ছেলেকে নিয়ে বসবাস করেন। সেখান থেকে তাঁদের খুলনায় নিয়ে আসার ইচ্ছা ছিল মতিয়ার রহমানের।
আজ সকালে মতিয়ার রহমানের কক্ষ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বাড়ির মালিক জানালার পর্দা সরিয়ে দেখতে পান, খাটের ওপর তাঁর লাশ পড়ে আছে। এ সময় থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, মতিয়ার রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। যেহেতু তিনি হৃদ্রোগে ভুগছিলেন, এ কারণে তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।