খুলনায় বাড়তি দামে সয়াবিন তেল বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
বোতলজাত সয়াবিন তেলের গায়ে উল্লেখ থাকা মূল্যের চেয়ে দাম বেশি রাখায় খুলনা নগরের কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ সোমবার নগরে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়।
অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম। তিনি বলেন, অভিযানে রূপসা কেসিসি ট্রাকস্ট্যান্ড বাজারের ছাব্বির স্টোরকে ১০ হাজার এবং রুবেল স্টোর, তামিম স্টোর ও টুটপাড়া প্রধান সড়ক এলাকার আল মদিনা স্টোরকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
শিকদার শাহীনুর আলম বলেন, অতিরিক্ত দামে তেল না কেনার জন্য ওই এলাকার মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে। এ ছাড়া ভোক্তা অধিকারবিরোধী কোনো কাজ সংঘটিত হলে স্থানীয় লোকজন যেন অধিদপ্তরকে ফোন করে জানান, সে ব্যাপারে বোঝানো হয়েছে।