খুলনায় বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিপেটা, পাল্টাপাল্টি ধাওয়া, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের লাঠিপেটায় আহত বিএনপি নেতা ফখরুল আলমকে হাসপাতালে নেওয়া হচ্ছে
ছবি: সংগৃহীত

খুলনায় বিএনপির মানববন্ধনে লাঠিপেটা করেছে পুলিশ। এ সময় বিএনপির নেতা-কর্মী ও পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর ফলে বিএনপির মানববন্ধন পণ্ড হয়ে যায়। এ সময় বিএনপির অন্তত ২০ নেতা-কর্মী আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের লেডি ঘোষ সড়কে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কে ডি ঘোষ রোড, হেলাতলা ও বড় বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মুহূর্তেই ফাঁকা হয়ে যায় রাস্তাঘাট। ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন। কয়েক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

আহত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম, জেলা ছাত্রদলের সভাপতি আবদুল মান্নান মিস্ত্রি, বিএনপি নেতা শফিকুল আলম, মনিরুল হাসান, আবু মুসা গাজী, হেমায়েত হোসেন, মিসেস সেতারা, নিঘাত সীমা, মামসুন নাহার, আমিন আহমেদ, ফিরোজ খান, খান জিয়াউর রহমানের নাম জানা গেছে। এর মধ্যে ফখরুল আলম ও আবদুল মান্নান মিস্ত্রির আঘাত গুরুতর। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে সংঘর্ষের সময় কে ডি ঘোষ রোড, হেলাতলা ও বড় বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
খুলনায় নগরীতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান। বুধবার দুপুরে
ছবি: সংগৃহীত

বিএনপির নেতারা বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসে বর্তমান আওয়ামী লীগ সরকার। তখন থেকে ওই দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। ওই দিবস উপলক্ষে আজ বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। খুলনা মহানগর এবং জেলা বিএনপিও যৌথভাবে দলীয় কার্যালয়ের সামনে একই কর্মসূচি পালন করছিল। কিন্তু অনুমতি নেই দাবি করে হঠাৎ ওই কর্মসূচিতে লাঠিপেটা শুরু করে পুলিশ। পুলিশের লাঠিপেটায় সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। পরে লেডি ঘোষ রোডে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, সড়ক বন্ধ করে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছিল। অনুমতি না থাকায় তা বন্ধ করতে অনুরোধ করা হয়। কিন্তু তা না শুনে পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় তাদের সেখান থেকে জোর করে সরিয়ে দেওয়া হয়। এ সময় সামান্য লাঠিপেটার ঘটনা ঘটে। পরে পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।