খুলনায় বিএনপির সমাবেশে পুলিশের লাঠিপেটা, পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে খুলনা মহানগর ও জেলা বিএনপির সমাবেশে লাঠিপেটা করে পুলিশ। সোমবার নগরের কেডি ঘোষ সড়কে
ছবি: সাদ্দাম হোসেন

খুলনায় সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর পৌনে বারোটার দিকে ওই সংঘর্ষ বাধে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে নগরের কেডি ঘোষ সড়কে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সমাবেশ চলছিল।

সকাল থেকে খুলনার সমাবেশস্থলে অবস্থান নেয় পুলিশ। অন্যদিকে নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা–কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে আসতে ও স্লোগান দিতে থাকেন। সমাবেশের সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ার ঘটনা ঘটে। এতে বিএনপির নেতা-কর্মী, সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।

পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ার ঘটনা ঘটে।
বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে খুলনা মহানগর ও জেলা বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সোমবার নগরের কেডি ঘোষ সড়কে
ছবি: সাদ্দাম হোসেন

খুলনা মহানগর বিএনপির সহদপ্তর সম্পাদক শামসুজ্জামান জানান, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিপেটা করে বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ এ সময় কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। বিএনপির নেতা-কর্মীদের টানাহেঁচড়া করে। এতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলামসহ অনেকে গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।

এসব বিষয়ে কথা বলতে খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্রসহ ঊর্ধ্বতন চারজন কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।