খুলনায় রোগী বাড়ছে করোনা হাসপাতালে, সামলাতে হিমশিম
খুলনা করোনা হাসপাতালে (ডায়াবেটিক হাসপাতাল) রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। ১৫ দিন আগে যেখানে গড়ে ৭০ জন ভর্তি থাকতেন, সেখানে বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ১০০ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। মাঝেমধ্যে এই সংখ্যা শতক ছাড়িয়ে যাচ্ছে। ফলে কোভিডে আক্রান্ত রোগী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের।
হাসপাতালসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, করোনা হাসপাতালে শয্যাসংখ্যা রয়েছে ১০০টি। এর মধ্যে ১০টি আইসিইউ শয্যা। বৃহস্পতিবার ওই হাসপাতালে রোগী ভর্তি ছিলেন ১০৫ জন। অতিরিক্ত রোগী থাকায় শুক্রবার তুলনামূলক সুস্থ ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে রোগী রয়েছেন ৯১ জন। যাঁরা ভর্তি হচ্ছেন, তাঁদের বেশির ভাগেরই অক্সিজেন দেওয়ার প্রয়োজন হচ্ছে। যাঁদের আর অক্সিজেন লাগছে না, তাঁদের কোভিড-১৯ নেগেটিভ না হওয়ার পর ছাড়পত্র দিয়ে হাসপাতালে অন্য জটিল রোগীদের ভর্তির সুযোগ করে দেওয়া হচ্ছে। আর ছাড়পত্র দেওয়া রোগীদের বাড়িতে কমপক্ষে ২১ দিন আইসোলেশনে থাকতে অনুরোধ করা হচ্ছে।
হাসপাতালের নার্স শিরিন সুলতানা বলেন, করোনা রোগী নিয়ে সমস্যা বেশি না হলেও রোগীর স্বজনেরা বেশি ঝামেলা করেন। তাঁদের বেশির ভাগই কোনো কথা শুনতে চান না। এসব কারণে বিব্রতকর অবস্থায় পড়তে হয় সবাইকে। রোগী বেশি থাকলে কাজের চাপ অনেক বেশি থাকে।
খুলনা করোনা হাসপাতালের সমন্বয়কারী চিকিৎসক শেখ ফরিদ উদ্দিন বলেন, বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে একটু জটিল রোগীদের হাসপাতালে আনা হচ্ছে। মাঝেমধ্যে এত বেশি ও জটিল রোগী আসছেন যে তা সামলাতে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে ভর্তি হওয়া সব রোগীরই অক্সিজেন প্রয়োজন হচ্ছে। তিনি বলেন, সারা দেশে কোভিড রোগী কমে গেলেও সম্প্রতি দেখা যাচ্ছে, খুলনা বিভাগে রোগীর সংখ্যা বেড়েছে। আগে কম রোগী মারা গেলেও সম্প্রতি মৃত্যুহার অনেক বেড়েছে বলেও জানান তিনি।