খুলনায় লকডাউন হচ্ছে না, কিছু এলাকায় দোকানপাট বন্ধসহ বিধিনিষেধ আসছে

খুলনায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই সরকারি হাসপাতালের ওপর চাপও বাড়ছে। শ্বাসকষ্টসহ করোনার অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালের সামনে ভর্তির জন্য অ্যাম্বুলেন্সে অপেক্ষা করছেন এক রোগী। খুলনা ১০০ শয্যাবিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে ২ জুনছবি: সাদ্দাম হোসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির সুপারিশ ছিল খুলনাসহ সাত জেলায় লকডাউনের। তবে খুলনা জেলায় লকডাউন হচ্ছে না। শুধু খুলনা নগরের তিন থানা এলাকায় দোকানপাট বন্ধসহ কিছু বিধিনিষেধ আসছে। আজ বুধবার জেলা প্রতিরোধ কমিটির সভায় এ রকম সিদ্ধান্ত হয়েছে বলে সভায় উপস্থিত থাকা একাধিক ব্যক্তি জানিয়েছেন। ৪ জুন থেকে ওই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে।

সভায় উপস্থিত খুলনা জেলা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ প্রথম আলোকে বলেন, লকডাউন হচ্ছে না। তবে নগরের সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় সাত দিন ওষুধ, কাঁচাবাজার ছাড়া সারা দিন দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সাত দিন পর যদি পরিস্থিতি সে রকম উন্নতি না হয়, তাহলে কঠোর সিদ্ধান্ত হবে। তখন অংশবিশেষ লকডাউনের চিন্তাভাবনা করা হবে।

জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী দুপুরে প্রথম আলোকে বলেন, ‘খুলনায় লকডাউন না। তবে বেশ কিছু কিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। আজ বিকেলে সেগুলো জানতে পারবেন।’

লকডাউন হচ্ছে না। তবে নগরের সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় সাত দিন ওষুধ, কাঁচাবাজার ছাড়া সারা দিন দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে খুলনায় করোনা সংক্রমণের হার কমছে না। জেলায় সর্বশেষ সংগৃহীত ২৬৬টি নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ শতাংশের ওপরে। অবশ্য এর আগের তিন দিন শনাক্তের হার গড়ে ২৭ শতাংশ ছিল। শেষ চার দিনে শনাক্তের গড় হার দাঁড়াল ২৫ দশমিক ২৫ শতাংশ। এদিকে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগীর চাপ বেড়েই চলেছে। ১০০ শয্যার হাসপাতাল প্রতিদিন রোগীতে পূর্ণ থাকছে।

মঙ্গলবার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক রোগীকে আরেকটি যত্নের জন্য বেসরকারী হাসপাতালে নেওয়া হচ্ছে। খুলনা ১০০ শয্যাবিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে ২ জুন
ছবি: সাদ্দাম হোসেন

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সচেতনতার অভাব, স্বাস্থ্যবিধি না মানাসহ নানা করণে খুলনা জেলায় কোভিডে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। বছরের প্রথম তিন মাস আক্রান্তের হার কম থাকলেও এপ্রিলে এসে তা অনেক বেড়ে যায়। আর মে মাস থেকে সংক্রমণ পরিস্থিতি তো কমেইনি, বরং ঈদের পর সংক্রমণের মাত্রা বেড়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।

খুলনার ১০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন সুহাস রঞ্জন হালদার বলেন, আজ সকাল পর্যন্ত এই হাসপাতালে ১০৯ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ৭৭ জন। এর বাইরে হাসপাতালে উপসর্গ নিয়ে ৩১ জন এবং ভারত থেকে আসা ১ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ১২ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং ৪ জন হাইডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ৩৭ জনের তেমন উপসর্গ নেই এবং ৫৫ জনের মাঝারি ধরনের উপসর্গ রয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হাসপাতালে ৯৯ জন ভর্তি ছিলেন।

সুহাস রঞ্জন হালদার বলেন, ‘চার থেকে পাঁচ দিন ধরে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। ১০০ শয্যার জনবল নিয়ে এর বেশি রোগীকে সেবা দেওয়াটা কষ্টসাধ্য। তারপরও আমরা সেবা দিয়ে যাচ্ছি।’

করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকার পরও খুলনা জেলায় মানুষের সচেতনতা এখনো কম। রাস্তাঘাট, বাজার-রোস্তোরাঁয় মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায় না। বুধবার সকালে নগরের মিস্ত্রীপাড়া বাজারে
প্রথম আলো

তবু মানুষের সচেতনতা কম

করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকার পরও জেলায় মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা এখনো কম। রাস্তাঘাট, বাজার-রেস্তোরাঁয় মাস্ক পরে ও মানুষকে সামাজিক দূরত্ব মেনে চলতে দেখা যায় না। আজ সকালে নগরের মিস্ত্রিপাড়া বাজারে দেখা যায়, বাজারে প্রবেশের মুখে করোনা বিষয়ে সচেতনতামূলক মাইকিং হচ্ছে। তবে ভেতরে সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা, বেশির ভাগ ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক পর্যন্ত ছিল না।

জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত মে মাসের প্রথম ১৫ দিনে খুলনায় ২ হাজার ৫০২টি নমুনা পরীক্ষায় ৪৪৬ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৮৩ শতাংশ। ১৯ মে থেকে আজ ২ জুন পর্যন্ত ১৫ দিনে ৩ হাজার ৩৬৬ জনের নমুনার পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৭৫২ জনের। শনাক্তের হার ২২ দশমিক ৩৪ শতাংশ। এর মধ্যে গতকাল ১ জুন খুলনায় জেলায় চলতি বছরের মধ্যে সর্বোচ্চ ৯১ জনের করোনা শনাক্ত হয়।

খুলনা জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ১৩ এপ্রিল নগরের ছোট বয়রার করিম নগরে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৭৬ জন। এর মধ্যে খুলনা নগরের রয়েছেন ১৩৯ জন। এ ছাড়া দাকোপ ও কয়রায় ৩ জন করে, রূপসায় ১৪ জন, পাইকগাছায় ৬ জন, বটিয়াঘাটায় ৫ জন, তেরখাদা, দিঘলিয়া ও ডুমুরিয়ায় ২ জন করে মারা গেছেন। গত ১৯ মে থেকে ২ জুন পর্যন্ত ১৫ দিনে জেলায় মারা গেছেন ১৬ জন।

খুলনা ১০০ শয্যাবিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি এক রোগী। বুধবার দুপুরে
প্রথম আলো

জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ১০ হাজার ৩৭৪ রোগীর মধ্যে খুলনা নগরেই শনাক্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৪৪৫। অর্থাৎ জেলার ৮১ শতাংশের বেশি রোগীই খুলনা নগরের। এ ছাড়া জেলায় দাকোপে শনাক্ত হয়েছে ২২২ জন, বটিয়াঘাটায় ১৩৬ জন, রূপসায় ৩৮০ জন, তেরখাদায় ১১৮ জন, দিঘলিয়ায় ১৯৩ জন, ফুলতলায় ৩০৬ জন, ডুমুরিয়ায় ২৫৫ জন, পাইকগাছায় ২৩৩ জন এবং কয়রায় ৮৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, খুলনায় করোনা শনাক্তের প্রথম দুই মাসে সংক্রমণের গতি ধীর ছিল। গত বছরের জুনে সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকে। এরপর জুলাই মাসে সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেড়ে যায়। আগস্টে সংক্রমণ বাড়লেও মৃত্যু কিছুটা কমে যায়। সেপ্টেম্বর থেকে সংক্রমণ ও মৃত্যু কমতে থাকে। এরপর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত পরিস্থিতি একটু উন্নতির দিকে ছিল। এরপর গত এপ্রিল ও মে মাসে সংক্রমণ আবার বাড়তে থাকে।