খুলনায় লকডাউনের মেয়াদ বাড়ল এক সপ্তাহ
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে খুলনায় লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। খুলনা জেলা ও মহানগরে একযোগে ওই লকডাউন বাস্তবায়িত হবে। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২২ থেকে ২৮ জুন পর্যন্ত এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছিল।
খুলনা জেলা প্রশাসক ও জেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, খুলনায় করোনার সংক্রমণ বাড়ছে। এমন পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। আগের লকডাউনের সব বিধিনিষেধই এখানে বলবৎ থাকবে।
আগের বিধিনিষেধ অনুযায়ী, লকডাউনের সময় খুলনা জেলা ও মহানগরের মধ্যে বাইরের কোনো বাস ও ট্রেন প্রবেশ ও বের হওয়ার ওপর বিধিনিষেধ জারি করা হয়েছিল। একই সঙ্গে জেলার অভ্যন্তরে অথবা আন্তজেলার গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া বন্ধ থাকবে ইজিবাইক, থ্রি হুইলারসহ সব যানবাহন চলাচল।
লকডাউনের সময় জেলা ও মহানগরের মধ্যে সব ধরনের দোকানপাট, মার্কেট, শপিং মল, কোচিং সেন্টার বন্ধ থাকবে। তবে প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কাঁচাবাজারের দোকান খোলা রাখা যাবে। ওই সময়ে হোটেল-রেস্তোরাঁসহ শুধু টেকওয়ে অথবা অনলাইনে খাবার সরবরাহ করতে পারবে। ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা থাকবে। এ ছাড়া বন্ধ থাকবে সব ধরনের পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র।
অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। বাইরে অবস্থানকালে সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। তবে সরকারি-বেসরকারি অফিসের জরুরি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা অফিস চলাকালীন তাঁদের নিজ নিজ অফিসের পরিচয়পত্র সঙ্গে নিয়ে বাইরে চলাচল করতে পারবেন।
এর বাইরে আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন কৃষি উপকরণ, সার, বীজ, কীটনাশক, কৃষিযন্ত্র ইত্যাদি খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরের (স্থলবন্দর, নৌবন্দর ও সমুদ্র বন্দর) কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, সরকারি-বেসরকারি গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তাব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলো কার্যক্রম অব্যাহত রাখতে পারবে। উৎপাদনশীল শিল্প ও কারখানা উৎপাদন কার্যক্রম বিধিনিষেধের আওতার বাইরে থাকবে।