খুলনায় শহীদুল হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

খুলনা মহানগরের জোড়াগেট এলাকার শহীদুল হাওলাদার হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান এই রায় ঘোষণা করেন। ওই আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. মুরাদ হোসেন গাজী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সুমন মল্লিক ও আশিকুর রহমান। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন কালু ওরফে ছোট কালু ও মো. তালেব হাওলাদার। তাঁদের সবার বাড়ি নগরের জোড়াগেট এলাকায়। আসামিদের মধ্যে তালেব হাওলাদার বাদে অন্যরা পলাতক রয়েছেন।

এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শহীদুলের সঙ্গে আসামিদের মনোমালিন্য হয়। হত্যাকাণ্ডের কয়েক মাস আগে প্রতিপক্ষ বাবু ওরফে গুড্ডু বাবুকে কুপিয়ে জখম করেন শহীদুল। এর জেরে তাঁকে হত্যার পরিকল্পনা করেন বাবু।

আদালত সূত্রে জানা গেছে, নিহত শহীদুল হাওলাদার মৌসুমি ফল ব্যবসায়ী ছিলেন। ২০১৭ সালের ১১ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মামলার অভিযোগপত্রের বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ জানান, শহীদুল ও আসামিরা একই এলাকার বাসিন্দা হওয়ায় শৈশব থেকে একসঙ্গে বড় হয়েছেন। তাঁরা একই সঙ্গে চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শহীদুলের সঙ্গে আসামিদের মনোমালিন্য হয়। হত্যাকাণ্ডের কয়েক মাস আগে প্রতিপক্ষ বাবু ওরফে গুড্ডু বাবুকে কুপিয়ে জখম করেন শহীদুল। এর জেরে তাঁকে হত্যার পরিকল্পনা করেন বাবু।

পরিকল্পনা অনুযায়ী শহীদুলকে জোড়াগেট এলাকায় ডেকে নিয়ে আসামিরা তাঁকে কুপিয়ে জখম করে পালিয়ে যান। ঘটনার কিছুদিন পর গুড্ডু বাবু আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

শহীদুল হত্যার ঘটনায় তাঁর মা ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চারজনকে আসামি করে খুলনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান দুই আসামি বাবু ওরফে গুড্ডু বাবু বন্দুকযুদ্ধে এবং আল মাহমুদ সন্ত্রাসীদের হামলায় নিহত হন। এ কারণে ওই বছরের ২২ আগস্ট তাঁদের নাম বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন সদর থানার পরিদর্শক সৈয়দ মোশারেফ হোসেন। অভিযোগপত্রে সাতজনের নাম ছিল। ১৮ জনের সাক্ষ্য নিয়ে ওই মামলার রায় ঘোষণা করা হয়েছে বলে জানান আইনজীবী আরিফ মাহমুদ।