খুলনায় সংঘর্ষের মামলায় বিএনপির নারীদের জামিন, পুরুষেরা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ইট–পাটকেল নিক্ষেপ। বৃহস্পতিবার বিকেলে নগরের কে ডি ঘোষ সড়কে
ফাইল ছবি

খুলনায় বিএনপি ও ছাত্রলীগ সংঘর্ষের জেরে পুলিশের করা মামলায় বিএনপির গ্রেপ্তার নেতা-কর্মীদের মধ্যে নারীদের জামিন দিয়েছেন আদালত। তবে কারাগারে পাঠানো হয়েছে দলটির পুরুষ নেতা-কর্মীদের। আসামিদের আজ শুক্রবার দুপুরে সদর থানা–পুলিশ আদালতে তুললে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল আমিন এ আদেশ দেন। জামিন পাওয়া নারী নেতা-কর্মীর সংখ্যা ১২ জন। কারাগারে পাঠানো হয়েছে ২৯ জন পুরুষ নেতা–কর্মীকে।

আরও পড়ুন

এ তথ্য নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী মোমরেজুল ইসলাম ও তৌহিদুল ইসলাম বলেন, খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল আমিনের আদালতে বিএনপির ৪১ জন নেতা–কর্মীর জামিনের আবেদন জানানো হয়। এর মধ্যে আদালত মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দা রেহানা ঈসাসহ ১২ নারীর জামিন মঞ্জুর করেছেন। তবে ২৯ জন পুরুষ নেতা–কর্মীর জামিনের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন আদালত। তাঁদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

পদ্মা সেতু নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর কটূক্তির প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে প্রতিবাদ সমাবেশ ডেকেছিল খুলনা বিএনপি। একই সময়ে ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বিএনপির সমাবেশস্থল খুলনা নগর বিএনপি কার্যালয়ের দিকে যায়। একপর্যায়ে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রায় দেড় ঘণ্টা দফায় দফায় ওই সংঘর্ষ চলে। এতে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়।
সংঘর্ষের সময় পুলিশ বিএনপির ৩৭ জন নেতা–কর্মীকে আটক করে। ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে তাঁদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়। রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে একই মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। মামলাটি করেন সদর থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ কুমার বসু। এ মামলার আসামির তালিকায় বিএনপির মোট ৯২ জন নেতা–কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৭০০ থেকে ৮০০ জনকে।

ওই ঘটনায় শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে বিএনপি। এতে দাবি করা হয়, পুলিশ ও ছাত্রলীগ মিলে বিএনপির ওপর হামলা করে মারধর করেছে। আবার বিএনপির নামে মামলা করে হয়রানি করছে। ওই ঘটনায় বিএনপির পক্ষ থেকে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।