খুলনায় সপ্তম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা
খুলনা নগরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১২) তুলে নিয়ে সারা রাত আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নগরের রূপসা ঘাট এলাকার চয়ন ব্যাপারী নামের এক যুবকের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা করেছেন মেয়েটির মা। পুলিশ আসামিকে গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।
মেয়েটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। গত শনিবার রাতে ধর্ষণের ঘটনাটি ঘটেছে বলে রোববার রাতে সদর থানায় করা মামলায় উল্লেখ করা হয়েছে।
ওই স্কুলছাত্রীর বড় বোন বলেন, শনিবার সন্ধ্যায় তিনি ও তাঁর ছোট বোন রূপসা মার্কেটে গিয়েছিলেন বাজার করতে। এ সময় ছোট বোনকে মার্কেটের পাশের বাসস্ট্যান্ডে রেখে বিশেষ কাজে বাইরে যান। পরে এসে তিনি তাঁর বোনকে খুঁজে পাননি। বিষয়টি নিয়ে পরিবারের লোকজনকে জানালে তাঁরাও খোঁজ নিতে থাকেন।
পরদিন সকালে তাঁরা জানতে পারেন ছোট বোনকে নতুন বাজারে পরিত্যক্ত একটি বরফকলে আটকে রেখে রাতভর শারীরিক ও যৌন নির্যাতন করা হয়েছে। পরে সেখান থেকে তাঁর বোনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন তাঁরা।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বিকেলে প্রথম আলোকে বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য আবেদন করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে।