খুলনায় ৩ হাসপাতালে ৯ জনের মৃত্যু
খুলনা মহানগরে অবস্থিত ২টি বেসরকারিসহ ৫টি করোনা হাসপাতালের মধ্যে ৩টিতে ৯ করোনা রোগী মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত) হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। অন্য দুটি হাসপাতালে ওই সময়ের মধ্যে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।
এটা নিয়ে টানা ছয় দিন খুলনায় করোনা রোগীর মৃত্যুর সংখ্যা দুই অঙ্কের নিচে থাকল। আগের ২৪ ঘণ্টায় ওই হাসপাতালগুলোয় ৮ জনের মৃত্যু হয়েছিল।
যে ৯ করোনা রোগী মারা গেছেন, তাঁদের মধ্যে রয়েছেন ৬ নারী। এর মধ্যে ৩০ বছর ও ৪৬ বছর বয়সের ২ জন আছেন। এ ছাড়া মৃত ব্যক্তিদের মধ্যে ৩ জনের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। ৬০ থেকে ৮০ বছর বয়সের মধ্যে ১ জন এবং ৮০ থেকে ৯০ বছর বয়সের মধ্যে আছেন ৩ জন।
হাসপাতালগুলোর দৈনিক প্রতিবেদন থেকে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অবস্থিত ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ৬ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন ও বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন মারা গেছেন। ওই সময়ের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতাল ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয়ও কেউ মারা যাননি।
খুলনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, খুলনার তিনটি হাসপাতালে যে ৯ করোনা রোগীর মৃত্যু হয়েছে, তার মধ্যে ৫ জন খুলনা জেলার। বাকিরা অন্য জেলা থেকে খুলনায় চিকিৎসা নিতে এসেছিলেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় খুলনায় ৬৬২টি নমুনা পরীক্ষা করে ১০৩টি নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের ওই হার মাত্র ১৫। এর আগের দিন শনাক্ত ছিল ১৭ শতাংশ।
হাসপাতালগুলোয় রোগী ভর্তির তথ্য থেকে দেখা গেছে, আজ সকাল পর্যন্ত ২০০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালে রোগী ভর্তি আছেন ১১২ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী আছেন ৩৯ জন ও করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগী আছেন ৪০ জন। এ ছাড়া ওই হাসপাতালে থাকা ২০টি এইচডিইউতে রোগী ভর্তি আছেন ১৩ জন। আর ২০টি আইসিইউ শয্যার সব কটিতেই রোগী আছেন।
এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতালে বর্তমানে করোনায় আক্রান্ত রোগী ভর্তি আছেন ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় ওই হাসপাতালে নতুন ১ করোনা রোগী ভর্তি হয়েছেন। আর ছাড়পত্র নিয়েছেন ৫ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১০টি আইসিইউসহ ৪৫টি শয্যার করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩৮ জন। তবে কোনো আইসিইউ শয্যা খালি নেই। গত ২৪ ঘণ্টায় সেখানে ২ করোনা রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া ছাড়পত্র নিয়ে বাড়ি গেছেন ৩ জন।
বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় প্রস্তুত করা হয়েছিল ১৫০টি শয্যা। বর্তমানে সেখানে ৫৭ রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় সেখানে ৬ রোগী ভর্তি হয়েছেন ও ছাড়পত্র নিয়েছেন ৮ জন।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আছে ৯০টি শয্যা। বর্তমানে সেখানে ৬৫ রোগী ভর্তি আছেন। ২৪ ঘণ্টায় সেখানে ১২ জন ভর্তি ও ৫ জন ছাড়পত্র নিয়েছেন।