খুলনায় ৫০ জনের ডেঙ্গু শনাক্ত, একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেঙ্গু প্রতিরোধে ওষুধ ছিটানো হয় হচ্ছে
ফাইল ছবি

খুলনা বিভাগে করোনার সংক্রমণ ও মৃত্যু আগস্টে কিছুটা কমেছে। তবে নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু। মানুষের মধ্যে ডেঙ্গু জ্বর নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। করোনার সংক্রমণের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টকর হবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

গত ২৪ ঘণ্টায় খুলনা নগরের খালিশপুরে একজন যুবকের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত  বিভাগের ১০ জেলায় সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ৫০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হলো।

সর্বশেষ ডেঙ্গু শনাক্ত হওয়া ওই যুবক (৩৬) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন। ওই হাসপাতালে ডেঙ্গু শনাক্ত হওয়া একজন শিশুও (৭) চিকিৎসাধীন। গত রোববার রাতে সাইফুল ইসলাম (৩৬) নামের এক যুবক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বাড়ি খুলনা নগরের সোনাডাঙ্গা থানা এলাকার শেখপাড়ায়।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে জানা গেছে, জানুয়ারি থেকে আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছে ৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। সব মিলিয়ে বিভাগে বর্তমানে পাঁচজন রোগী ডেঙ্গু নিয়ে চিকিৎসাধীন। এই পাঁচজনের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন দুজন করে। অন্য একজন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ডেঙ্গু শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছেড়েছে ৪৩ জন। একজন মারা গেছে। আর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চলতি বছর খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে যশোর সদর হাসপাতালে, ২৬ জন।  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১১ জন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, ২০১৯ সালে খুলনা বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা এর আগের সব বছরের রেকর্ড ছাড়িয়েছিল। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে বিভাগে ১১ হাজার ৪৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়। ওই বছর ডেঙ্গুতে ৩৯ জন প্রাণ হারায়। খুলনা জেলায় ওই বছর ২ হাজার ৯৫ জন আক্রান্ত হয়ে ২৬ জন মারা যায়। গত বছর বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয় ১০৪ জন। এর মধ্যে মারা যায় ১ জন।

খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও হাসপাতালের ডেঙ্গু ইউনিটের মুখপাত্র উৎপল কুমার চন্দ প্রথম আলোকে বলেন, এই সময়ে বাড়িতে কারও জ্বর হলে দেরি না করে কোভিড এবং ডেঙ্গু দুটি পরীক্ষাই করিয়ে নিতে হবে।  হাসপাতালে আপাতত ১০ শয্যার ডেঙ্গু ইউনিট খোলা হয়েছে। প্রয়োজনে শয্যাসংখ্যা বাড়ানোর পরিকল্পনা আছে।

চিকিৎসক উৎপল কুমার চন্দ আরও বলেন, এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করাই ডেঙ্গু প্রতিরোধের সর্বোত্তম উপায়। সিটি করপোরেশনের দায়িত্ব তো আছেই, কিন্তু নাগরিক হিসেবে আমাদের দায়ও কম নেই। আশপাশের কোথাও পানি জমতে না দেওয়া যাবে না। এ ছাড়া ডেঙ্গুর বংশবিস্তার নিয়ন্ত্রণে ঘরের চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি এডিসের হাত থেকে বাঁচতে হলে দিনে ও রাতে মশারি টানিয়ে ঘুমাতে হবে।