খুলনায় ৮২ জনের ডেঙ্গু শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনাবাসীর মধ্যে ডেঙ্গু জ্বর নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এ পর্যন্ত সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ৮২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে খুলনা জেলাতেই। আজ মঙ্গলবার নতুন করে ৯ জন রোগী শনাক্ত করা হয়েছে।

খুলনার সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন মো. আতিয়ার রহমান শেখ বলেন, আজ পর্যন্ত খুলনায় ৮২ জন রোগীকে শনাক্ত করা হয়েছে। গতকাল সোমবার থেকে আজ দুপুর পর্যন্ত নতুন করে ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নতুনদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন এবং খুলনা জেনারেল হাসপাতালে একজন রোগী চিকিৎসাধীন। সব মিলিয়ে জেলায় ৩৯ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে। তিনি জানান, বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, খুলনা জেনারেল (সদর) হাসপাতালে ৩ জন, বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, ইসলামী ব্যাংক হাসপাতালে ২ জন এবং ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী চিকিৎসাধীন। ডেঙ্গু শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছেড়েছে ৪৩ জন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পার্থ প্রতীম দেবনাথ ডেঙ্গু রোগীদের বিষয়ে তদারকি করছেন। তিনি প্রথম আলোকে বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৫৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন বা নিচ্ছেন। এর মধ্যে ২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে চলে গেছেন। গতকাল সোমবার পর্যন্ত ১৯ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন, আজ নতুন করে ৮ জন রোগী ভর্তি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২৭ জন রোগী চিকিৎসাধীন।