খুলে দেওয়া হলো আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যান চলাচলের জন্য চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়ক শুক্রবার সকালে খুলে দেওয়া হয়েছে। ছবিটি দুপুরে তোলা। ছবি: জুয়েল শীল
যান চলাচলের জন্য চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়ক শুক্রবার সকালে খুলে দেওয়া হয়েছে। ছবিটি দুপুরে তোলা। ছবি: জুয়েল শীল

যান চলাচলের জন্য চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়কের মূল অংশ (লালখানবাজার থেকে মুরাদপুর) খুলে দেওয়া হয়েছে। ঈদুল আজহার আগের দিন আজ শুক্রবার বেলা ১১টার দিকে এই উড়ালসড়কে গাড়ি চলাচল শুরু হয়। নগরের সিডিএ অ্যাভিনিউতে নির্মিত এই উড়ালসড়কে এখন থেকে সব ধরনের গাড়ি চলতে পারবে।

এর আগে গত ১৬ জুন উড়ালসড়কের একপাশ সাময়িকভাবে খুলে দিয়েছিল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। রমজানের ঈদের আগে যানজট এড়াতে উড়ালসড়কের সব কাজ শেষ না করেই এ সিদ্ধান্ত নিয়েছিল সিডিএ। তবে শুরু থেকে ভারী যান চলাচলে প্রতিবন্ধকতা দেওয়া হয় এবং রাতের পালায় (রাত ১০টা থেকে সকাল আটটা) ১০ ঘণ্টা যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। আবার উদ্বোধনের ২৫ দিন পর ১০ জুলাই ওই একপাশেও গাড়ি চলাচল বন্ধ রাখা হয়।

সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম আজ শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, মূল উড়ালসড়কের নির্মাণকাজ শেষ হয়েছে। সব ধরনের গাড়ি চলাচলের জন্য উড়ালসড়ক উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন দুই নম্বর গেটের বায়েজিদ বোস্তামী সড়কমুখী র‍্যাম্প (গাড়ি ওঠা-নামার পথ) এবং লুপ (উড়ালসড়ক থেকে বাঁক নিয়ে অন্য রাস্তায় সংযুক্ত করা) নির্মাণের কাজ চলছে। দুই মাস পর মূল উড়ালসড়কের সঙ্গে র‍্যাম্প ও লুপ সংযুক্ত করার সময় আবার সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হবে।

দুপুরে সরেজমিনে দেখা যায়, ঈদের ছুটির কারণে নগরে গাড়ির সংখ্যা স্বাভাবিকের তুলনায় অনেক কম। নগরের অন্যতম ব্যস্ত সড়ক সিডিএ অ্যাভিনিউতে অন্যদিনের মতো গাড়ির জট নেই। উড়ালসড়কেও একই অবস্থা। সব ধরনের যান চলাচলের সুযোগ থাকলেও ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা যায়। বড় বাস, শহরের গণপরিবহনগুলোকে উড়ালসড়কে উঠতে দেখা যায়নি। এসব গাড়ি উড়ালসড়কের নিচে সিডিএ অ্যাভিনিউ হয়ে চলাচল করছিল।

এদিকে নগরের লালখান বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশা করে মুরাদপুর প্রান্তে আসতে সময় লাগে আট মিনিট। নগরের লালখান বাজার প্রান্তে উড়ালসড়কের নিচের সড়কে অবস্থা কিছুটা ভালো হলেও মুরাদপুর প্রান্তে খানা-খন্দে ভরা। উড়ালসড়কের নিচের রাস্তায় পিচ উঠে গিয়ে বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।

উড়ালসড়কের মুরাদপুর প্রান্তে দায়িত্বরত নিরাপত্তারক্ষী নুর ইসলাম প্রথম আলোকে বলেন, বড় গাড়ি তেমন ওঠেনি। প্রথম দিন অটোরিকশা, ব্যক্তিগত গাড়িই বেশি উঠেছে।

যাত্রীবাহী বাসের চালক মোহাম্মদ হান্নান বলেন, উড়ালসড়ক দিয়ে গেলে যাত্রী পাওয়া যাবে না। সেখানে যাত্রী ওঠা-নামারও সুযোগ নেই। তাই নিচ দিয়ে যাচ্ছেন তিনি।

অবশ্য সিএনজিচালিত অটোরিকশাচালক আজিজুল হক প্রথম আলোকে বলেন, উড়ালসড়ক হওয়াতে ভালো হয়েছে। নিচ দিয়ে প্রায় সময় জট লেগে থাকে। এ জন্য সময়ও বেশি লাগে। আর রাস্তাও খারাপ। এখন উড়ালসড়ক দিয়ে অল্প সময়ে কষ্ট ছাড়াই চলে যাওয়া যায়।

সিডিএ সূত্র জানায়, র‍্যাম্প ও লুপসহ উড়ালসড়কের মোট দৈর্ঘ্য ৬ দশমিক ৮ কিলোমিটার। এর মধ্যে মূল অংশের দৈর্ঘ্য (মুরাদপুর থেকে লালখান বাজার) ৩ দশমিক ৭ কিলোমিটার। পুরো প্রকল্পে ব্যয় হচ্ছে ৬৯৬ কোটি ৩৪ লাখ ৪৪ হাজার টাকা।