সাতক্ষীরার আশাশুনি উপজেলার মরিচ্চাপ নদ খনন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, নদের বাইরে ব্যক্তিমালিকানাধীন খেত ও মাছ চাষের জমিতে খনন করা হচ্ছে। এ বিষয়ে গতকাল সোমবার জমির মালিকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর খনন না করার জন্য আবেদন করেছেন।
পাউবোর সাতক্ষীরা কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাঁকাল থেকে আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদী পর্যন্ত ৩৭ কিলোমিটার খনন কার্যক্রম শুরু হয়েছে গত ডিসেম্বরের শুরুতে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৫ কোটি টাকা। খননে নদীর তলদেশ হবে ৮০-১১০ ফুট ও উপরিভাগে হবে ১৫০-১৬০ ফুট।
গতকাল সকালে বাঁকড়া সেতুর কাছে গিয়ে দেখা যায়, মরিচ্চাপ নদ যেখান থেকে খনন হচ্ছে, তার মধ্যে কয়েকটি ছোট–বড় পাকা স্থাপনা রয়েছে। আরও রয়েছে চিংড়ির ঘের ও ফসলের মাঠ। সেখানে উপস্থিত আদিত্য মণ্ডল দাবি করেন, মরিচ্চাপ নদে খনন না করে তাঁদের ব্যক্তিগত জমিতে খনন করা হচ্ছে। বিষয়টি একাধিকবার জানালেও পাউবো তাঁদের কথা আমলে নিচ্ছে না।
বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়া গ্রামের আদিত্য মণ্ডল বলেন, চুমুরিয়া ও কুন্দুড়িয়া মৌজায় তাঁর পৈতৃক জমিতে দীর্ঘদিন ধরে ধান ও মাছ চাষ করে আসছেন। নদে পশ্চিম পাশে ফাঁকা জমি রয়েছে। কিন্তু সেখান থেকে সরে এসে তাঁদের জমিতে খনন করা হচ্ছে।
বুধহাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহাবুবুল হক বলেন, ‘সরেজমিনে ও জমির কাগজপত্র ও মানচিত্র দেখে বুঝেছি, নদে জমিতে খনন না করে পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের লোকজন ব্যক্তিমালিকানাধীন জমিতে নদ খনন করছে।’
ইউএনও নাজমুল হুসেইন খান বলেন, ওই বিষয়ে এলাকাবাসীর কাছ থেকে তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। সেটি নির্বাহী প্রকৌশলীর (পাউবো-১) বরাবর পাঠিয়ে দিয়েছেন। মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, তা দেখার জন্য বলা হয়েছে।
পাউবোর আশাশুনি কার্যালয়ের শাখা কর্মকর্তা সাইদুজ্জামান বলেন, সিএস ম্যাপ অনুযায়ী মরিচ্চাপ নদ খনন করা হচ্ছে। নদের জমি দখল করে অনেকে এসএ রেকর্ড ও বর্তমান জরিপে তাঁদের নামে করে নিয়েছেন। কারও ব্যক্তিগত জমিতে যাওয়ার প্রশ্নই ওঠে না। স্থানীয় একটি পক্ষ নদের খননকাজ বাধাগ্রস্ত করতে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিচ্ছে।