খেতে দুলছে সোনালি ধান, তবুও দুশ্চিন্তায় কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যশোরের বাঘারপাড়া উপজেলার পাইকপাড়া গ্রামের কৃষক আক্তারুজ্জামান এবার প্রায় সাড়ে ২৩ বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছেন। দুই–তৃতীয়াংশ জমির ধান পেকে গেছে। এক সপ্তাহ পর থেকে এসব ধান কাটা শুরু করতে হবে তাঁকে। আক্তারুজ্জামান প্রতিবছর দিনাজপুর থেকে শ্রমিক এনে খেত থেকে বোরো ধান কেটে ঘরে তোলেন। কিন্তু এবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে যানবাহন বন্ধ থাকায় শ্রমিকেরা আসতে পারছেন না। এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এ অবস্থায় খেতের পাকা ধান নিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে তাঁর।

এ বিষয়ে আক্তারুজ্জামান বলেন, ‘মুঠোফোনে দিনাজপুরের শ্রমিকদের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছি। গাড়ি বন্ধ থাকায় তাঁরা আসতে পারছেন না। এ ছাড়া সরকারি নিষেধাজ্ঞা থাকায় প্রশাসন ঝামেলা করতে পারে বলেও তাঁরা ভয় পাচ্ছেন। শ্রমিকদের আসার সম্ভাবনা আর নেই। স্থানীয় শ্রমিকও পাওয়া যাচ্ছে না। ধান নিয়ে খুব চিন্তায় আছি।’

আক্তারুজ্জামানের মতো বোরো ধান কাটা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন জেলার বোরো চাষিরা। যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের কৃষক বিল্লাল হোসেন এবার ছয় বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছেন। তিনি বলেন, ‘ধান পেকে গেছে। আর সাত দিন পর ধান কাটা শুরু করতে হবে। কুষ্টিয়া থেকে শ্রমিক এনে বোরো ধান কাটা হয়। এবার শ্রমিকেরা আসছেন না। খুব বিপদে পড়ে গেছি। ধান কাটা নিয়ে ভীষণ চিন্তায় আছি।’

তবে যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধান কাটার যন্ত্র দিয়ে জেলার কৃষকের খেতের বোরো ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ ছাড়া যশোরে বোরো ধান কাটতে আসা বিভিন্ন জেলার শ্রমিকসরদারদের সঙ্গে যোগাযোগ করে শ্রমিক আনার চেষ্টা চলছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর কার্যালয় সূত্র জানায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি বোরো ধান উৎপাদন হয় যশোরে। জেলায় এবার বোরো ধানের চাষ হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৬১৫ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর বোরো ধানের বাম্পার ফলনেরও সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী এক সপ্তাহ পর থেকে ধান কাটা শুরু হবে। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশে মানুষ ঘরবন্দী থাকায় ধান কাটতে শ্রমিকসংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় কৃষকের ধান ঘরে তুলতে ৬২টি ধান কাটার যন্ত্র দিয়ে ধান কেটে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া জেলার উপজেলা কৃষি কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন জেলার শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের এনে ধান কাটার চেষ্টা চলছে।

যশোরের শার্শা উপজেলার বোয়ালিয়া গ্রামের কৃষক আক্কাস আলী বলেন, ‘সাত বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। ধান খুব ভালো হয়েছে। ধানে রং চড়েছে। আর ১০ দিন পর ধান কাটতে হবে। করোনার কারণে এবার সাতক্ষীরা থেকে শ্রমিক আসতে পারছেন না। ধান কাটার লোক নেই। শ্রমিকেরা না এলে এবার ধান মাঠেই রেখে আসতে হবে। সরকার ধান কেটে দেবে বলে আমি শুনিনি।’

মনিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের কৃষক আমির হোসেন বলেন, ‘এবার আমি চার বিঘা (৪২ শতাংশের বিঘা) জমিতে ধান লাগাইছি। ধানে রং চড়েছে। কিন্তু করোনার কারণে শ্রমিকেরা ধান কাটতে চাইছেন না। খুব চিন্তার মধ্যে পড়ে গেছি। আমাদের ব্লক সুপারভাইজার সরকারিভাবে ধান কেটে দেওয়ার বিষয়ে এখনো কোনো খবর দেননি। সরকার ধান কেটে দেওয়ার ব্যবস্থা করলে খুব ভালো হয়।’

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘ধান কাটার যন্ত্র দিয়ে ধান কেটে কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। স্বল্প খরচে কৃষকের এই সুবিধা দিতে আমরা নানাভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছি। কৃষকদের সঙ্গে দেখা করে সরাসরি, কৃষকদের বিভিন্ন ক্লাব ও সমিতি এবং নির্দিষ্ট কৃষকের মুঠোফোনের মাধ্যমে তাঁদের এ খবর জানিয়ে দেওয়া হচ্ছে।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর কার্যালয়ের উপপরিচালক মো. আখতারুজ্জামান বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে ছিল। প্রাকৃতিক তেমন কোনো দুর্বিপাক হয়নি। এ জন্য জেলায় এবার বোরো ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ধান পাকতে শুরু করেছে। আগামী সপ্তাহ থেকে ধান কাটা শুরু হবে। করোনাভাইরাসের কারণে ধান কাটার শ্রমিকসংকট দেখা দিয়েছে। জেলায় ৬২টি নতুন ধান কাটার যন্ত্র রয়েছে। এর মধ্যে ৩৮টি কম্বাইন্ড হারভেস্টার ও ২৪টি রিপার মেশিন রয়েছে। যন্ত্র দিয়ে কৃষকের ধান কাটার প্রক্রিয়া শুরু করা হবে। একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে প্রতি ঘণ্টায় পাঁচ বিঘা জমির ধান কাটা, মাড়াই, পরিষ্কার ও বস্তাভর্তি করা সম্ভব। অন্যদিকে রিপার মেশিনের মাধ্যমে ঘণ্টায় দুই বিঘা জমির ধান কাটা যাবে। এতে খরচ সাশ্রয় হবে ৯০ ভাগ। তিনি বলেন, এ ছাড়া বাইরের কয়েকটি জেলা থেকে অনেক শ্রমিক ধান কাটতে যশোরে আসেন। উপজেলা কৃষি কর্মকর্তাদের মাধ্যমে ওই সব জেলার শ্রমিকসরদারদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। জেলা প্রশাসনের মাধ্যমে বিশেষ ব্যবস্থাপনায় ধান কাটতে ইচ্ছুক শ্রমিকদের যশোরে আনতে চেষ্টা চালানো হচ্ছে।