ঠাকুরগাঁও
খেতেই বিক্রি হচ্ছে আলু, বাঁচছে কৃষকের খরচ
চলতি মৌসুমে জেলায় ২৭ হাজার ৬৭৭ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৬ লাখ ৭৯ হাজার ৭৯৮ মেট্রিক টন।
হাটবাজারে ফসল নেওয়ার ঝুটঝামেলা নেই, খেতেই বিক্রি হচ্ছে আলু। এতে পরিবহন খরচ ও হাটবাজারের হাসিল বেঁচে যাওয়ার পাশাপাশি ঝক্কিঝামেলা থেকেও রেহাই পাচ্ছেন কৃষকেরা। আর লোকসানের শঙ্কা কাটিয়ে আলুর ভালো দাম পেয়ে কৃষকেরা খুশি।
গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান, বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ও রানীশংকৈলের নেকমরদ এলাকা ঘুরে দেখা গেছে, কৃষক ও শ্রমিকেরা খেত থেকে আলু তুলছেন। শ্রমিকদের আরেকটি দল সেসব আলু বস্তায় ভরে সড়কের পাশে স্তূপ করে রাখছেন। আবার কোথাও কোথাও আলুর বস্তা ট্রাকে তুলছেন শ্রমিকেরা।
বালিয়াডাঙ্গী-নেকমরদ সড়কের পাশের ভানোর গ্রামে আলু কেনায় ব্যস্ত ব্যবসায়ী আবদুল জলিল জানান, তাঁরা দল বেঁধে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকা থেকে আলু কিনে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। তিনি প্রথমে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে সেসব এলাকার আলুর দর জেনে নেন। এরপর চাষিদের সঙ্গে যোগাযোগ করে ওই দামের চেয়ে কিছুটা কমে খেত থেকেই আলু কেনেন। পরে তা চাহিদামতো পাঠিয়ে দেন। এতে আলু পরিবহনের খরচ ও লাভের টাকা উঠে যায়।
আলুচাষি আনোয়ার হোসেন বলেন, মৌসুমের শুরুতে আলুর দাম পড়ে যায়। প্রতি কেজি আলু পাঁচ থেকে ছয় টাকায় বিক্রি হতে থাকে। সে সময় আলুচাষিরা লোকসানের শঙ্কার মধ্যে পড়েন। কিন্তু এখন সেই শঙ্কা কেটে গেছে। বাজারে আলুর দাম বেড়েছে। পাশাপাশি খেতে বসেই আলু বিক্রি করায় বাজারে নিয়ে যাওয়ার খরচটাও সাশ্রয় হচ্ছে।
রাইসুল ইসলাম বলেন, ‘চাষি লোকসানে পড়লে সেই ফসল আবাদ থেকে মুখ ফিরিয়ে নেয়। এবার আমরা আলুতে লোকসানের ভয়ে ছিলাম। এখন সেই ভয় কেটে যাচ্ছে।’
সদর উপজেলার ভেলাজান গ্রামের আলুচাষি বিপ্লব চন্দ্র রায় বলেন, দুই বছর ধরে তাঁরা এভাবেই খেত থেকে আলু বিক্রি করছেন। এবার খেতেই কার্ডিনাল ও অ্যাস্টারিক্স (লাল) জাতের প্রতি কেজি আলু সাড়ে ১৪ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে প্রতি মণ আলু হাটবাজারে নিতে কমপক্ষে ১০ টাকা পরিবহন খরচ হতো। হাটবাজারের ইজারাদারদের দিতে হতো মণপ্রতি ১০ থেকে ১৫ টাকা। খেতেই আলু বিক্রি করায় পরিবহন খরচ ও বাজারের খাজনা বেঁচে যাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ২৭ হাজার ৬৭৭ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। আর এ থেকে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৬ লাখ ৭৯ হাজার ৭৯৮ মেট্রিক টন।
অধিদপ্তরের ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক মো. আবু হোসেন বলেন, ক্রেতা কম থাকায় কৃষকেরা অনেক সময় তাঁদের ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। খেত থেকেই ফসল বিক্রি হওয়ায় কৃষকেরা উপকৃত হচ্ছেন। বিক্রির এ ধারা অব্যাহত থাকলে কৃষকেরা কৃষিকাজে আরও বেশি আগ্রহী হয়ে উঠবেন।