খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের মান্নারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো মান্নারগাঁও গ্রামের নান্টু দাসের ছেলে নীরব দাস (৫) ও জেলার জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামে কানাই দাসের ছেলে চয়ন দাস (৭)। চয়ন দাস সম্পর্কে নীরব দাসের খালাতো ভাই। চয়ন মায়ের সঙ্গে খালার বাড়িতে বেড়াতে এসেছিল।
পুলিশ জানায়, নীরব ও চয়ন সোমবার বিকেলে খেলতে বের হয়। অনেকক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে একপর্যায়ে পরিবারের লোকজন তাদের খোঁজ শুরু করেন। আশপাশের বাড়িঘরে সন্ধান করে না পেয়ে বাড়ির লোকজন বসতঘরের পাশে পুকুরে নেমে তাদের সন্ধান করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাঁতার না জানার কারণে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর।