খেলা দেখতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের
মাদারীপুরে ফুটবল খেলা দেখতে গিয়ে দেয়ালচাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই ছাত্রের নাম জয় মাতুব্বর (৭)। সে একই এলাকার মামুন মাতুব্বরের ছেলে। স্থানীয় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল জয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, স্থানীয়দের আয়োজিত ফুটবল খেলা দেখতে বন্ধুদের সঙ্গে মাঠে যায় জয়। খেলা দেখার জন্য মাঠের পাশে নির্মাণাধীন একটি ভবনে ওঠার চেষ্টা করে সে। একপর্যায়ে নির্মাণাধীন ওই ভবনের দেয়াল ভেঙে মাটিতে চাপা পড়ে জয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলার ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব বলেন, শিশুটির লাশ কালকিনি উপজেলা হাসপাতালে রাখা আছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।