খেলা শেষে বাড়ি ফেরার পথে পিকআপভ্যানের ধাক্কায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নরসিংদীর মনোহরদী উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই আরোহী। আজ শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের বগাদি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম বিপুল মিয়া (২৫)। বিপুল গাজীপুরের কাপাসিয়া উপজেলার চর সন্মানিয়া এলাকার তাইজ উদ্দীনের ছেলে। অপর দুই ব্যক্তি হলেন একই এলাকার ইমন (২৪) ও জুয়েল (২৩)।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গাজীপুরের কাপাসিয়ার সন্মানিয়া থেকে মনোহরদীর একদুয়ারিয়া ইউনিয়নের মুন্ডলদিয়া গ্রামে ব্যাডমিন্টন খেলতে এসেছিলেন বিপুল, ইমন ও জুয়েল। খেলা শেষে তাঁরা তিনজন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি বিপুল চালাচ্ছিলেন। আজ ভোররাত সাড়ে চারটার দিকে তাঁদের মোটরসাইকেলটি বগাদি বাজার এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাঁদের মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। কিন্তু পিকআপভ্যানটি জব্দ করা যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাঁদের উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক বিপুল মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। অন্যদিকে আহত অপর দুজনকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এ এন এম মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে বিপুলের মৃত্যু হয়েছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে তাঁরা কোনো লিখিত অভিযোগ পাননি। তাঁদের অনুরোধে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।