খেলার মাঠের ওপর দিয়ে সরকারি রাস্তা!

চট্টগ্রামের আমিন জুট মিলসের ভেতরে খেলার মাঠে সরকারি উদোগে রাস্তা নির্মাণের চেষ্টা চলছে। মাঠটি জুট মিলসের ভেতরে অবস্থিত একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ৭০০ শিক্ষার্থীর খেলাধুলার একমাত্র স্থান। মাঠটি দখল হয়ে গেলে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। শিক্ষক-শিক্ষার্থীরা মাঠ রক্ষায় ইতিমধ্যে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও তিন একর আয়তনের এই মাঠে আমিন জুট মিলসের কয়েক হাজার শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার সন্তানেরা খেলাধুলা করে। বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠানও এ মাঠে হয়। খেলার মাঠটির মালিকানা পাটকল করপোরেশনের অধীন চট্টগ্রামের আমিন জুট মিলসের।
আমিন জুট মিলস নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হক মুন্সী বলেন, মাঠে স্কুলের ছেলেমেয়েরা খেলাধুলা করে। এটি দখল হয়ে গেলে তারা খেলার সুযোগ থেকে বঞ্চিত হবে। তাঁর আশঙ্কা, খেলার মাঠটি দখলের পর হয়তো স্কুলটিও তুলে দেওয়া হবে।
রাস্তাটি নির্মাণ করা হলে মাঠটি পুরোপুরি ভূমিদস্যুদের দখলে চলে যাওয়ার আশঙ্কা করছে আমিন জুট মিলস কর্তৃপক্ষও। মাঠটি অক্ষত রাখার জন্য জুট মিলসের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ স্থানীয় সাংসদকে চিঠি দেওয়া হয়েছে।
আমিন জুট মিলসের কর্মকর্তারা বলছেন, মিলের জায়গার মধ্যে টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। এ প্রকল্পের দায়িত্বে আছে বস্ত্র অধিদপ্তর। আর বাস্তবায়নের কাজ করছে গণপূর্ত বিভাগ। প্রকল্পের নকশায় ওই রাস্তাটি না থাকলেও ইনস্টিটিউটের ছাত্রাবাসে (এখনো নির্মাণ শুরু হয়নি) যাওয়ার জন্য মাঠের ভেতর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা চলছে। কর্মকর্তারা বলছেন, মিলগেট থেকে হোস্টেলে যাওয়ার একাধিক রাস্তা রয়েছে। তার পরও মাঠের ভেতর দিয়ে ৮০০ ফুট দৈর্ঘ্যের ও ১৪ ফুট চওড়া (প্রস্থ) রাস্তা নির্মাণের জন্য দরপত্র প্রক্রিয়া শেষ করে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে।
পাটকল করপোরেশন সূত্রে জানা গেছে, আড়াই বছর আগে টেক্সটাইল ইনস্টিটিউট প্রকল্পের জায়গা নির্ধারণ নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বৈঠক হয়। ওই বৈঠকে আমিন জুট মিলের খেলার মাঠটিকে অক্ষুণ্ন রেখে চারপাশের অবৈধ স্থাপনা অপসারণ করে প্রকল্পের জন্য দুই একর জায়গা দেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী মাঠের পাশে ১.৭৬ একর জায়গা প্রকল্পের জন্য বরাদ্দ দেয় মিল কর্তৃপক্ষ।
আমিন জুট মিল সূত্রে জানা গেছে, মিলের দানকৃত জায়গার পুরোটাতেই অবৈধ বসতি ছিল। হোস্টেলের কাজ শুরু করার জন্য গত ১১ আগস্ট জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। হোস্টেলের কাজ শুরুর আগে মূল রাস্তা থেকে হোস্টেলে যাতায়াতের জন্য এই রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয় আমিন জুট মিল কর্তৃপক্ষকে না জানিয়েই। এর ব্যয় ধরা হয় ৪৯ লাখ টাকা। গত মাসের প্রথম সপ্তাহে ঠিকাদার রাস্তার কাজ শুরু করতে গেলে আমিন জুট মিলের লোকজন বাধা দেয়।
সরেজমিনে আমিন জুট মিলস এলাকায় গিয়ে দেখা যায়, মাঠসংলগ্ন এলাকায় টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের কাজ চলছে। আমিন টেক্সটাইল মিলের মধ্য দিয়ে নির্মাণাধীণ ইনস্টিটিউটে যাতায়াতের জন্যও রাস্তা রয়েছে।
যোগাযোগ করা হলে গণপূর্ত বিভাগ-২-এর উপবিভাগীয় প্রকৌশলী স্বদেশ কৃপা দাশ চৌধুরী বলেন, প্রকল্প পরিচালকের অনুমতি নিয়েই এ রাস্তাটি করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুরুতে নকশায় রাস্তাটি ছিল না স্বীকার করে তিনি বলেন, প্রয়োজন মনে হওয়ায় রাস্তাটি পরে নকশায় ঢোকানো হয়েছে।
এ বিষয়ে টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের পরিচালক ইকবাল হোসেন বলেন, ‘সরকারি সিদ্ধান্ত মোতাবেক রাস্তা হচ্ছে। আমিন জুট মিল কর্তৃপক্ষকেও জানানো হয়েছিল। তবে এখন তারা কেন আপত্তি করছে জানি না। আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এদিকে রাস্তাটির নির্মাণ বন্ধে গত মাসে পাটকল করপোরেশনের সচিব বারবার লেখা এক চিঠিতে আমিন জুট মিলের উপমহাব্যবস্থাপক জ্যোৎস্না আফরোজ উল্লেখ করেন, মাঠের পূর্ব পাশে আমিন টেক্সটাইল মিলস লিমিটেডের ভেতর দিয়ে চলাচলের উপযোগী রাস্তা রয়েছে। এ ছাড়া পাশে আরেকটি চলাচলের রাস্তা রয়েছে।
আমিন জুট মিলের প্রশাসনিক কর্মকর্তা আজিজ আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা জায়গা দান করার পর প্রকল্পের যে নকশা দেখেছি তাতে নতুন কোনো রাস্তা তৈরির কথা ছিল না। কিছু দিন আগে জানতে পারি, তারা মাঠের মধ্য দিয়ে রাস্তা করবে। মাঠের পাশে এখনো অনেক অবৈধ বসতি রয়েছে। এ রাস্তাটি হলে দুই পাশে আরও অবৈধ স্থাপনা গড়ে উঠবে, পুরো মাঠটিই দখল হয়ে যাবে।’