খেলোয়াড়দের লক্ষ্যই ছিল প্রতিপক্ষকে লাঠি দিয়ে ঘায়েল করা

ঝিনাইদহের শৈলকুপায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজছে ঢাকঢোল আর কাঁসর ঘণ্টা। এসব ঢাকঢোল আর কাঁসর ঘণ্টার শব্দের তালে তালে উৎসুক জনগণকে আনন্দ দিতে চলে নৃত্যও। এরপরই শুরু হয় লাঠির কসরত। এভাবেই ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা।
খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু ভিড় জমায় সেখানে। খেলার মাঠ পরিণত হয় এলাকার মানুষের মিলনমেলায়। বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে আর মানুষকে বিনোদন দিতেই এ আয়োজন বলে জানান আয়োজকেরা। আর প্রতিবছর এ ধরনের আয়োজন করার দাবি দর্শকদের।
খেলায় প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে রক্ষা আর অপর পক্ষকে ঘায়েল করার জন্য মেতে ওঠেন লাঠিয়ালেরা। আর এই নির্মল আনন্দ উপভোগ করেন শত শত দর্শক। হাততালিকে মুখর হয়ে ওঠে খেলার স্থান। গ্রামবাসীর আয়োজনে এমনই এক আসর বসেছিল শৈলকুপার ফুলহরি গ্রামে; যা উপভোগ করতে ফুলহরি ইউনিয়নসহ আশপাশের এলাকা থেকে ছুটে আসে শত শত মানুষ।

জায়গা না পেয়ে কেউবা গাছের ডালে, আবার কেউবা বাঁশঝাড়ে উঠে খেলা উপভোগ করেন। বর্তমান যুবসমাজকে অপরাধের হাত থেকে দূরে রাখতে আর গ্রামীণ ঐতিহ্য তাদের সামনে তুলে ধরতে এ ধরনের আয়োজন বলে জানানো হয়।
খেলার আয়োজকদের একজন শাকিল আহমেদ বলেন, হারানো ঐতিহ্য বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে এ আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে শৈলকুপার ফুলহরি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জামিনুর রহমান বলেন, সমাজ থেকে মাদক ও বিভিন্ন অপরাধ দূরে রাখতে এ ধরনের আয়োজন করা দরকার বলে মনে করেন তিনি। খেলোয়াড়েরা বলেন, মানুষকে খেলা দেখিয়ে আনন্দ পান তাই গ্রাম-গ্রামান্তরে ছুটে আসেন খেলা দেখাতে। দিনভর এই খেলায় অংশ নেন ঝিনাইদহের বিভিন্ন উপজেলার ১২টি লাঠিয়াল দল। সবাই হারিয়ে প্রথম হয় শৈলকুপার মির্জাপুর গ্রামের দুলাল আহম্মেদের দল।