খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে খোয়া যাওয়া চায়নিজ রাইফেলটি গতকাল বুধবার দুপুরে কারাগারের অভ্যন্তরের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক কারারক্ষীকে আটক করা হয়েছে।
এদিকে রাইফেলটি খুঁজে পেতে সহায়তা করায় এক কারারক্ষীকে ১০ হাজার টাকা পুরস্কৃত করেছে কারা কর্তৃপক্ষ। এর আগে অস্ত্র খোয়া যাওয়ার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কারা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, কাশিমপুর কারাগার থেকে গত রোববার সকালে কারারক্ষীদের একটি রাইফেল খোয়া যায়। এ ঘটনায় গত সোমবার সন্ধ্যায় কারা কর্তৃপক্ষ জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে ওই দিন (সোমবার) রাতে রাজশাহী বিভাগের ডিআইজি (প্রিজন) বজলুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এ ছাড়া একই দিন গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা কামালকে প্রধান করে গঠন করা হয় দুই সদস্যের অপর একটি তদন্ত কমিটি। ওই দুটি কমিটি গত মঙ্গলবার থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। গতকাল সকালে কারাগারের জেলার জান্নাতুল ফরহাদের মুঠোফোনে খোয়া যাওয়া অস্ত্রের খোঁজ জানিয়ে একটি খুদে বার্তা আসে।
দুপুরে খুদে বার্তার বিষয়ে গাজীপুর জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষের তদন্ত কমিটি কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় মৌলভীবাজারের বাসিন্দা কারারক্ষী আরিফুল ইসলাম (২৬) নিজের দোষ স্বীকার করে রাইফেলটি তিনি কারাগারের ভেতরের একটি ডোবায় ফেলে দিয়েছেন বলে জানান। দুপুর সাড়ে ১২টার দিকে খোয়া যাওয়া অস্ত্রের সন্ধানে কারাগারের ব্যারাক-সংলগ্ন পশ্চিম পাশের একটি পরিত্যক্ত ডোবায় ২৫-২৬ জন কারারক্ষীকে তল্লাশির জন্য নামানো হয়।
তল্লাশির একপর্যায়ে ওই পুকুরেই খোয়া যাওয়া চায়নিজ রাইফেলটি খুঁজে পান আল আমিন নামের এক কারারক্ষী। পরে তাঁকে ১০ হাজার টাকা পুরস্কার দেয় কারা কর্তৃপক্ষ।
পরে আরিফুল ইসলাম কারা কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদে জানান, তাঁর অন্য এক সহকর্মীর যুক্তিতে তিনি কোনো কারণ ছাড়াই রাইফেলটি ওই ডোবায় ফেলে দিয়েছেন। তবে তাঁর এই যুক্তিতে কারা কর্তৃপক্ষ সন্তুষ্ট নয়।
কারাগারের সুপার মিজানুর রহমান প্রথম আলোকে জানান, কারাগারের একটি মহল ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ব্যাপারে তদন্ত চলছে। অস্ত্র খোয়া যাওয়ার ঘটনায় ইতিমধ্যে কারাগারের তিন কারারক্ষী সিরাজ হাওলাদার, তৌহিদুল ইসলাম ও এহসানুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।