বাড়ির নারী ও কিশোরীরা কাঠিতে রং লাগানো ও কাগজে আলপনা আঁকায় ব্যস্ত। বড় কারখানায় বৈদ্যুতিক মোটর চলার টানা শব্দ। বাড়ির আঙিনায় কাঠ, বাঁশ আর রংবেরঙের কাগজ দিয়ে তৈরি হচ্ছে টমটম গাড়ি বা টরটরি, কাঠের গাড়ি, চরকি, কাঠের পাখি, বেহালা, সারিন্দা, ঘিন্নিসহ নানান খেলনা। পোড়ামাটির খুরি, চাকতি, মোটা কাগজ, সুতা, মাটির খুদে চাকা আর বাঁশের কাঠি দিয়ে তৈরি করা হচ্ছে এসব। কেউ কেউ আবার তৈরি করছেন প্লাস্টিকের হরেক রকমের খেলনা।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার খোলাশ গ্রামের প্রায় প্রতি বাড়ির দৃশ্য এটি। গ্রামের প্রায় আড়াই শ কারখানায় দিনরাত চলছে এসব খেলনা তৈরির কাজ। এরপর এগুলো কারখানায় কারখানায় মজুত করা হচ্ছে।
করোনা অতিমারির কারণে দুই বছর মেলা ও উৎসব বন্ধ থাকার পর এবারের পয়লা বৈশাখ ও মেলা মৌসুম ঘিরে প্রাণ ফিরেছে খোলাশের খেলনাপল্লিতে। ঘরে ঘরে খেলনা তৈরির ধুম পড়েছে। দম ফেলার ফুরসত নেই কারিগরদের। গ্রামজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।
খেলনাপল্লির কারিগরেরা বলেন, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাস ছাড়া বছরের ৯ মাসই খোলাশের ঘরে ঘরে খেলনা তৈরির কর্মযজ্ঞ চলে। তবে বিক্রির মৌসুম ধরা হয় সাধারণত চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস। এই তিন মাসে সারা দেশে অসংখ্য মেলা ও উৎসব বসে। এ উপলক্ষে খোলাশের কারিগরেরা সারা বছর খেলনা তৈরি করে মজুত করেন। তিন মাসে প্রতিটি কারখানার মালিক গড়ে লাখ টাকা আয় করেন। পাইকারি ব্যবসায়ীদের পাশাপাশি কারিগরেরাও মেলায় দোকান নিয়ে বসে যান।
করোনা বিধিনিষেধের কারণে গত দুই মৌসুমে পল্লির কোটি কোটি টাকার খেলনা বিক্রি না হওয়ায় লোকসান গুনতে হয়েছে পল্লির কারিগর ও ব্যবসায়ীদের। পুঁজি হারিয়ে অনেক ব্যবসায়ী প্রায় নিঃস্ব। পেশা বদলে অনেকেই দিনমজুরিসহ নানা কাজে জীবিকা নির্বাহ করছেন।
খোলাশের প্রবীণ কারিগর আফজাল ফকিরের বয়স এখন ৭০ বছর। তিনি বলেন, টরটরি তৈরির জন্য পালপাড়া থেকে মাটির খুরি আর চাকা কিনতে হয়। সব খেলনাতেই কাঠের হাতল লাগে, করাতকল থেকে এসব হাতল সংগ্রহ করে নিজেরাই রং লাগাই। এরপর মাটির খুরি, চাকতি, চাকা ও মোটা কাগজ, বাঁশ, সুতলি দিয়ে তৈরি হয় টমটম গাড়ি ও টরটরি।
বাংলাদেশ শিল্প ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বগুড়া জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান বলেন, খেলনার কারিগরেরা উৎসাহী হলে তাঁদের প্রশিক্ষণ ও ঋণ প্রদানের উদ্যোগ নেওয়া হবে।