গঙ্গাচড়ায় আ.লীগের ৫ ও জাতীয় পার্টির ২ নেতাকে দল থেকে বহিষ্কার
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় রংপুরের গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগ থেকে পাঁচজন ও জাতীয় পার্টি থেকে দুজনকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়।
শনিবার রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ও উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের বহিষ্কার হওয়া ব্যক্তিরা হলেন গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (গঙ্গাচড়া ইউপি), উপজেলা বন ও পরিবেশবিষয়ক সম্পাদক নূরে আলম সিদ্দিকী (আলমবিদিতর ইউপি), সদস্য ও বর্তমান চেয়ারম্যান আল সুমন আবদুল্লাহ (গঙ্গাচড়া ইউপি), সদস্য জিল্লুর রহমান (মর্ণেয়া ইউপি) ও উপদেষ্টামণ্ডলীর সদস্য মাহবুবার রহমান (গজঘণ্টা ইউপি)।
উপজেলা জাতীয় পার্টির বহিষ্কার হওয়া দুজন হলেন বড়বিল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোখলেছুর রহমান (ঘোড়া প্রতীক) ও মর্ণেয়া ইউনিয়নে রেজাউল কবির (আনারস প্রতীক)।
চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর এসব ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।