গঙ্গাচড়ায় চার দিন পর মিলল নিখোঁজ নারীর লাশ
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নিখোঁজের চার দিন পর এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা তিনটার দিকে গঙ্গাচড়ার বুড়িরহাট কৃষি গবেষণাকেন্দ্রের পরিত্যক্ত একটি ভবন থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। গত বুধবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন ওই নারী। নিহত আহেলা বেগম (৩২) ওই গবেষণাকেন্দ্রের পার্শ্ববর্তী চেংমারি এলাকায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আহেলা বেগমের স্বামী আহেদ আলী চার বছর আগে দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে তিনি চেংমারি এলাকার আবাসনে একাই থাকতেন। স্থানীয় একটি জুট মিলে চাকরি করতেন তিনি। তাঁর একমাত্র সন্তান রায়হান (১৮) ঢাকায় একটি কারখানায় চাকরি করেন। রংপুর নগরের জাহাজ কোম্পানীর মোড়ে অবস্থিত রূপালী ব্যাংক শাখায় আহেলার নিজের নামে একটি ডিপিএস ছিল। প্রতি মাসে সেখানে ১০ হাজার করে টাকা জমাতেন তিনি। বুধবার সকালে আহেলা বেগম জমি কিনতে টাকা ওঠানোর কথা বলে কর্মস্থল থেকে ছুটি নিয়ে ওই ব্যাংকে যান। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় গতকাল শনিবার আহেলার বড় ভাই মন্টু মিয়া গঙ্গাচড়া থানায় সাধারণ ডায়েরি করেন।
বুড়িরহাট কৃষি গবেষণাকেন্দ্রের কর্মচারী হারুন মিয়া জানান, আজ সকাল আটটার দিকে তিনি গবেষণাকেন্দ্রে ডিউটিতে এসে দেখতে পান, পরিত্যক্ত ভবনের কক্ষের একটি দরজা খোলা। ভেতরে প্রবেশ করে দেখেন, এক নারীর লাশ মেঝেতে পড়ে আছে। তিনি বিষয়টি গবেষণাকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আশীষ কুমারকে জানান। এরপর জানানো হয় গঙ্গাচড়া থানা–পুলিশকে।
গঙ্গাচড়া থানার উপপরিদর্শক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, আহেলাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ছাড়া তাঁর পেটে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মুখটি ওড়না দিয়ে প্যাঁচানো ছিল। আজ বেলা তিনটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।