গঙ্গাচড়ায় তীব্র হচ্ছে তিস্তার ভাঙন
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর ভাঙন আরও তীব্র হচ্ছে। ভাঙছে নতুন নতুন এলাকা, বসতভিটা ও আবাদি জমি। ঘরবাড়ি ভেঙে যাওয়ায় এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে ছুটছে ভুক্তভোগী লোকজন।
গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের ইচলি এলাকায় শতাধিক পরিবারের বসতভিটা ও আবাদি জমি নদীগর্ভে চলে গেছে।
নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় এই এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে বলে স্থানীয় বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা জানিয়েছেন। আতঙ্কিত শতাধিক পরিবার বাড়িঘর ভেঙে নিয়ে গেছে। কেউ কেউ দূরে পাকা সড়কের পাশে সরকারি জায়গায় আশ্রয় নিয়েছে। কেউ কেউ এলাকা ছেড়ে গঙ্গাচড়া সদর ইউনিয়নের গান্নারপার এলাকায় চলে যাচ্ছে।
গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) ও স্থানীয় লোকজন সূত্র জানায়, উপজেলা সদর থেকে ৪ কিলোমিটার দূরের ইচলি গ্রামে প্রায় ৬৫০ পরিবারের বসবাস। নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় নতুন করে ভাঙতে শুরু করেছে এই এলাকা।
ভাঙনকবলিত ইচলি এলাকায় গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, নদীর পানি বাড়ছে। পানিবন্দী অবস্থায় আছে কয়েক শ পরিবার। একই সঙ্গে নদীর ভাঙনও তীব্র হচ্ছে। এতে একের পর এক আবাদি জমি ও বসতভিটা ভাঙনের মুখে পড়ছে। স্থানীয় বাসিন্দারা জানান, অভাবী মানুষ দিশেহারা। উপায় না পেয়ে তাঁরা সেখান থেকে অন্যত্র ছুটছেন। কেউ যাচ্ছেন সদর ইউনিয়নের গান্নারপার এলাকায়। আবার কেউ যাচ্ছেন তিস্তা সেতুর পাশে কাকিনার পাকা সড়কের পাশে।
ভাঙনের শিকার হয়ে সেখান থেকে বাড়িঘর নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন পশ্চিম ইচলি গ্রামের কৃষক নূরুজ্জামান। তিনি তাঁর আবসাব ও টিনের ঘর খুলে নৌকায় তুলেছেন। তিনি বলেন, ‘এবার নদীর ভাঙন উল্টা পথে বইছে। মেলা বছর থাকি এই এলাকাত (ইচলি) আছনো। এবার হামার গ্রাম ভাঙতোছে। তাই আর থাকা হইল না।’
একই গ্রামের কৃষক বাচ্চা মিয়া দুটি টিনের ঘর ভেঙে সদর ইউনিয়নের গান্নারপাড় এলাকায় নিয়ে যাচ্ছেন। জানা গেল, তিনি ১২ বছর ধরে ইচলি এলাকায় বসবাস করলেও এখানে নদীভাঙন ছিল না। এবার নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় এই এলাকা ভাঙছে বলে জানান বাচ্চা মিয়া। তিনি বলেন, ‘নদীর যে ভাঙন শুরু হইছে, তাতে করি মনে হয়, এই গ্রামটা এবার টিকপার নয়।’
এক সপ্তাহের ব্যবধানে নদীভাঙনের শিকার মানুষ বসতভিটা ভেঙে অন্যত্র চলে যাচ্ছে। এমন কথা জানালেন কৃষক নূর মোহাম্মদ, আমিনুরসহ আরও অনেকে।
লক্ষ্মীটারি ইউপির চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী বলেন, তিস্তা নদীর উত্তর–পশ্চিমে শংকরদহ এলাকা থেকে ইচলি হয়ে পাশের কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা এলাকা পর্যন্ত দুই বছর আগে একটি বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছিলেন এলাকাবাসী। কিন্তু পাউবো গুরুত্ব না দেওয়ায় নদীর পতিপথ পরিবর্তন হয়ে নতুন নতুন এলাকায় ভাঙন দেখা দেয়।
পাউবো রংপুর কার্যালয়ের প্রধান প্রকৌশলী জ্যোতির্ময় ঘোষ বলেন, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। এ নিয়ে একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আশা করা যাচ্ছে, শিগগিরই এ প্রকল্পের কাজ শুরু করা হবে।