গণজাগরণ মঞ্চের কর্মীসহ ছয়জনকে হত্যার হুমকি

বরিশালে গণজাগরণ মঞ্চের কর্মী এবং কয়েকজন কবিকে হত্যার হুমকি দিয়েছে আনসার বিডি নামের একটি সংগঠন। গতকাল একটি ফেসবুক পেজ থেকে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আজ মঙ্গলবার নগরের কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
যাদের হুমকি দেওয়া হয়েছে তাঁরা হলেন, কবি হেনরী স্বপন, কবি মেহেদি হাসান, তুহিন দাস, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও গণজাগরণ কর্মী নজরুল বিশ্বাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রীতম চৌধুরী ও চারু তুহিন।
গতকাল সোমবার রাতে আনসার বিডি নামের ওই ফেসবুক পেজে দেওয়া হুমকিতে বলা হয়, সংগঠনটি বরিশালে তাদের কার্যক্রম শুরু করেছে। ইসলাম বিরোধীদের বিরুদ্ধে কার্যক্রম শুরু করে তারা লক্ষ্যে পৌঁছাবে।
এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী প্রথম আলোকে বলেন, কয়েকজন কবি এবং গণজাগরণ মঞ্চের কর্মীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এ হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।