চট্টগ্রামে দুই নারী পোশাকশ্রমিককে গণধর্ষণের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দুই আসামি। তাঁরা হলেন মো. তারেক ও মো. বাছির। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মো. আল ইমরানের আদালতে আসামিরা জবানবন্দি দেন।
১০ মে রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে দুই পোশাকশ্রমিককে ধর্ষণ করেন বখাটেরা। ঘটনার দুই নারী পোশাকশ্রমিক ছাড়া ঘরে তখন আর কেউ ছিলেন না। ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ভিডিও করেন তাঁরা। এই ঘটনায় মামলা করেন ধর্ষণের শিকার এক তরুণী।
বায়েজীদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মো. মঈন উদ্দিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত তারেক ও বাছিরকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকেলে তাঁদের আদালতে হাজির করা হলে তাঁরা ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন। জবানবন্দিতে তাঁরা স্বীকার করেন, দরজা খোলা পেয়ে ঘটনার দিন রাত নয়টার দিকে ঘরে ঢোকেন তাঁরা। ১১ জন মিলে দুই নারীকে ধর্ষণ করেন। পরে ঘর থেকে নগদ টাকা ও জিনিসপত্র নিয়ে পালিয়ে যান। জবানবন্দি দেওয়ার পর দুই আসামিকে কারাগারে পাঠান আদালত।
পরিদর্শক মঈন উদ্দিন বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত আরও দুই আসামিকে ঘটনার পরদিন গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের জিজ্ঞাসাবাদ করতে আদালত রিমান্ড মঞ্জুর করেছিলেন। রোববার তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে থানায় আনা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।