গণপরিবহনে হাফ পাসের দাবিতে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের মানববন্ধন

পাঁচ দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের ঢাকা-আরিচা মহাসড়কে
ছবি: প্রথম আলো

গণপরিবহনে হাফ পাস, যাত্রী হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের ঢাকা-আরিচা মহাসড়কে এই কর্মসূচি পালিত হয়।

শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো—সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা, গণপরিবহনের যাত্রাপথে চেক এবং ওয়েবিল বাতিল, বিআরটিএর আইন মেনে গেটলক ও সিটিং সার্ভিস বন্ধ এবং পরিবহনে শিক্ষার্থী ও যাত্রী হয়রানি বন্ধ করা।

মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের দর্শন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) রিয়াজুল ইসলাম বলেন, ‘সড়ক পরিবহনে নৈরাজ্যে এখন দেশের মানুষ নাকাল। শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হচ্ছে না। শ্রমিক ও শিক্ষার্থীদের একরকম মুখোমুখি দাঁড় করানো হয়েছে। আমরা এর দ্রুত শান্তিপূর্ণ সমাধান চাই।’

এ সময় সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী সামিয়া হাসান শিক্ষার্থীদের পক্ষে পাঁচ দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা চাই, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গণপরিবহনের চলমান সমস্যার সমাধান করা হোক। তা না হলে সারা দেশের শিক্ষার্থীরা একত্রে কঠোর আন্দোলনে যাবে।’

মানববন্ধনের আগে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে শিক্ষার্থীদের দাবি জানানোর অনুরোধ করেন। পরে শিক্ষার্থীরা মানববন্ধন করে তাঁদের দাবি নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। উপাচার্যের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর স্মারকলিপি গ্রহণ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ফিরোজ-উল-হাসান বলেন, ‘শিক্ষার্থীদের দাবি সম্পর্কে শুনেছি। আমরা এসব বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা করব।’