গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ বাহাউদ্দিনের, চা-চক্রে এলেন তাঁর স্ত্রী
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন এলাকায় আছেন। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় তিনি গণমাধ্যমকর্মীদের চা-চক্রের আমন্ত্রণ জানান। কিন্তু কুমিল্লা ক্লাব মিলনায়তনে সেই চা-চক্রে তিনি উপস্থিত হননি। তাঁর পক্ষে চা-চক্রে উপস্থিত ছিলেন স্ত্রী মেহেরুন্নেছা বাহার। মেহেরুন্নেছা কুমিল্লা মহিলা সমিতির সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি নির্বাচনের আগের দিন মঙ্গলবার সন্ধ্যা সাতটায় কুমিল্লা ক্লাব মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের চা-চক্রের আমন্ত্রণ জানান সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন। ওই সময়ে গণমাধ্যমকর্মীরা সেখানে গিয়ে জানতে পারেন, সংসদ সদস্য নির্বাচনী আচরণবিধির কারণে ওই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। তাঁর পরিবর্তে স্ত্রী মেহেরুন্নেছা বাহার উপস্থিত ছিলেন।
মেহেরুন্নেছা বাহার বলেন, ‘উনি (বাহাউদ্দিন) আসার কথা ছিল। আপনাদের সঙ্গে দেখা করার কথা ছিল। যেহেতু তিনি নির্বাচনী কোনো কার্যক্রমে এবার অংশ নেননি, তাই উপস্থিত হননি। উনাকে তো কেউ কোথাও নির্বাচনী প্রচারে দেখেননি।’
মেহেরুন্নেছা বাহার বলেন, নির্বাচন কমিশনের চিঠির ভাষা একেবারেই ঠিক হয়নি।
মেহেরুন্নেছা বাহার বলেন, ‘নির্বাচন কমিশনের চিঠির ভাষা একেবারেই ঠিক হয়নি। পার্টির সভাপতি তিনি। তিনি কোথায় লুকিয়ে থাকবেন। আমার মতে, নোটিশটাই মনে হয় ঠিক হয়নি।’ তিনি বলেন, ‘নির্বাচনী এলাকায় কোনো ধরনের সমস্যা হলে তো উনাকে আগে আসতে হবে। তাই তিনি বাসায় থাকেন। পার্টি অফিসে পার্টির কাজ করেন।’
মেহেরুন্নেছা বাহার আরও বলেন, ‘আজ আমি নির্বাচন নিয়ে কোনো কথা বলতে আসিনি। আপনাদের সঙ্গে অনেক দিন দেখা হয় না, দেখা হলো। চা-চক্র হলো। তাঁর হয়ে আমি এলাম।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গণমাধ্যমকর্মীদের সঙ্গে চা-চক্রের আমন্ত্রণের বিষয়টি জানাজানি হওয়ার পর প্রশাসন থেকে সংসদ সদস্যকে ওই অনুষ্ঠানে যেতে বারণ করা হয়। এরপর তিনি আর সেখানে যোগ দেননি।
গত বুধবার নির্বাচন কমিশন সচিবালয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনকে এলাকা ত্যাগ করার জন্য চিঠি দেয়। এরপর বাহাউদ্দিন নগরের মুন্সেফ বাড়ি এলাকার নিজ বাসভবন, রামঘাট মহানগর আওয়ামী লীগ অফিস ও কুমিল্লা ক্লাবে নিজের কাজ করেন। এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার, দুই নির্বাচন কমিশনার, সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যরা প্রশ্নের মুখে পড়েন। যদিও বাহাউদ্দিনের দাবি, তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন না। কোনো ধরনের নির্বাচনী প্রচারণায় অংশ নেননি। নির্বাচন ছাড়াও তাঁর আরও কাজ আছে।