সাম্প্রতিক সময়ে নারী নির্যাতন, বিশেষ করে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংস্থাটি জানায়, চলতি বছরের প্রথম ছয় মাসে সারা দেশে নারী ও শিশু নির্যাতনের দুই হাজার ২০৮টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের ঘটনা ৪৩১টি।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মহিলা পরিষদ এসব তথ্য জানিয়েছে। ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ১৪টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ বিশ্লেষণের মাধ্যমে এ উপাত্ত তৈরি করেছে মহিলা পরিষদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মহিলা পরিষদের সহসম্পাদক মাসুদা রেহানা বেগম।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৪ সালের প্রথম ছয় মাসে ৪৩১টি ধর্ষণের ঘটনার মধ্যে ৮২টি ছিল গণধর্ষণ। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪৫ জন নারীকে। অ্যাসিডদগ্ধের ঘটনা ২১টি, যৌতুকের কারণে হত্যা ১২৭টি, শারীরিক নির্যাতন ১৩৩টি।
মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, বর্তমান আইনে ধর্ষণের শিকার নারীকে প্রমাণ করতে হয় যে তিনি নির্যাতনের শিকার হয়েছেন। তা পরিবর্তন করে এমন আইন প্রণয়ন করতে হবে, যেখানে ধর্ষককে প্রমাণ করতে হবে যে তিনি ধর্ষণ করেন নাই।
সংবাদ সম্মেলনে ধর্ষণের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং ধর্ষণ বন্ধে প্রতিকারমূলক ও প্রতিরোধমূলক কিছু সুপারিশ তুলে ধরা হয়।