গফরগাঁওয়ে চাঁদার দাবিতে ছাত্রলীগের বিরুদ্ধে কলেজ শিক্ষকদের মারধরের অভিযোগ
ময়মনসিংহের গফরগাঁওয়ে চাঁদার দাবিতে ছাত্রলীগের বিরুদ্ধে গফরগাঁও সরকারি কলেজে ভাঙচুর ও দুই শিক্ষককে মারধর করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল বিকালে অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের নামে গফরগাঁও থানায় লিখিত অভিযোগ করেছেন গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ কাজী ফারুক আহাম্মদ।
এদিকে থানায় দেওয়া লিখিত অভিযোগের প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগ কর্মীরা কলেজে মিছিল করেছেন। এ সময় মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগ কর্মীদের অনেকের হাতে লাঠিসোঁটা ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ সময় মিছিলকারীরা শিক্ষকদের হুমকি দিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেয়।
অধ্যক্ষ কাজী ফারুক আহাম্মদের সঙ্গে কথা বলে জানা গেছে, গফরগাঁও সরকারি কলেজের ছাত্রলীগের নেতা–কর্মীরা বিভিন্ন সময় তাঁর কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে অধ্যক্ষ ও শিক্ষকদের ছাত্রলীগের নেতা-কর্মীরা নানা ভাবে হুমকি দিচ্ছিল। এর মধ্যে গতকাল দুপুরে চাঁদার দাবিতে ছাত্রলীগ কর্মী সীমান্ত, রিবান, সাব্বির হোসেন, তানভীর ও সাব্বিরের নেতৃত্বে আরও কয়েক অজ্ঞাত কর্মী কলেজে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করে। এ সময় তারা কলেজের ক্যাশ শাখা থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যায়। এ সময় ছাত্রলীগ কর্মীরা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ইমরাম হোসাইন ও সহযোগী অধ্যাপক মো. আবু রেজোয়ানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
পরে ছাত্রলীগের ভাঙচুর ও শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় গতকাল বিকেলেই গফরগাঁও সরকারি কলেজের একাডেমিক কাউন্সিল ও শিক্ষক পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, গতাকাল বিকেলে ছাত্রলীগ কর্মীদের নামে গফরগাঁও থানায় লিখিত অভিযোগ করেন কলেজের অধ্যক্ষ।
আজ সকালে অধ্যক্ষ কাজী ফারুক আহাম্মদ বলেন, ‘ছাত্রলীগের হুমকির কারণে আমাদের শিক্ষকেরা অনিরাপদ বোধ করছেন। গতকালের ঘটনার পর থেকে আমরা নিজেদের নিরাপত্তার জন্য কিছু দাবি জানিয়েছি। শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণবদলির সিদ্ধান্ত নেওয়া হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে গফরগাঁও সরকারি কলেজে ছাত্রলীগের কোনো কমিটি নেই বলে জানা গেছে। তাই এ বিষয়ে দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।
তবে ছাত্রলীগের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে গফরগাঁও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মণ্ডল বলেন, গফরগাঁও সরকারি কলেজে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ চলছে। আশপাশের বিভিন্ন কলেজের চেয়ে এখানে অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে। টাকা কমানোর দাবিতে গতকাল সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছে। এ আন্দোলনের জেরে ছাত্রলীগের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া গেছে সেটির তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণ হলে মামলা নেওয়া হবে। কলেজ ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিত রাখতে আজ সকাল থেকেই গফরগাঁও সরকারি কলেজে পুলিশ অবস্থান করছে।