গফরগাঁওয়ে রোলারের সঙ্গে অটোরিকশার ধাক্কায় মৃত্যু ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় দাওয়াত খেতে যাওয়ার পথে রোলারের সঙ্গে অটোরিকশার ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অপর দুজন। বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে উপজেলার পুলেরঘাট এলাকায় শ্রীপুর-গফরগাঁও আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া তিনজন হলেন আব্বাস আলী ব্যাপারীর ছেলে নায়েব আলী ব্যাপারী (৬৫), শহর আলী ব্যাপারীর ছেলে কফিল উদ্দিন (৪০) ও অমির উদ্দিন (৫৫)। তাঁরা তিনজনই গাজীপুরের শ্রীপুরের গাড়ারন গ্রামের বাসিন্দা। আহত হয়েছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালক সাইফুল ইসলাম ও যাত্রী হারিস উদ্দিন।

প্রত্যক্ষদর্শী ও অটোরিকশার যাত্রী মো. ফারুক মিয়া বলেন, গাড়ারন গ্রামের ব্যাপারীপাড়া জামে মসজিদের ১০ জন মুসল্লি দুটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে পাশের গফরগাঁয়ের মশাখালী গ্রামে যাচ্ছিলেন। গাড়ারন গ্রামের মসজিদের ইমাম আবদুল ওয়াদুদের বাড়িতে তাঁদের দাওয়াত খাওয়ার কথা ছিল। পুলেরঘাট এলাকায় পৌঁছালে সেখানে সড়ক সংস্কারের কাজে নিয়োজিত রোলারের সঙ্গে প্রথম অটোরিকশার ধাক্কা লাগে। এতে আহত হন অটোরিকশাটির সব যাত্রী। তাঁদের মধ্যে নায়েব আলী ব্যাপারী ঘটনাস্থলেই মারা যান। আহত বাকিদের মধ্যে কফিল উদ্দিনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত অপর যাত্রী আমির উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে গফরগাঁওয়ের পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে মারা যাওয়া একজন তাঁদের হেফাজতে আছেন। বাকি দুজনের লাশ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।