গবাদিপশু নিয়ে বিপাকে বন্যার্তরা

গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। প্রাণিসম্পদ বিভাগ থেকেও এখন পর্যন্ত কোনো বরাদ্দ মেলেনি। এর প্রভাব পড়বে কোরবানির পশুর হাটে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে বন্যায় বাড়িঘর প্লাবিত হওয়ায় সড়কে এনে রাখা হয়েছে গরুগুলোকে। সম্প্রতি সুনামগঞ্জ-সিলেট সড়কের আহসানমারা এলাকায়
ছবি: খলিল রহমান

সুনামগঞ্জ ও সিলেট জেলার বন্যাকবলিত বেশির ভাগ মানুষ গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন। এ দুই জেলায় গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। অনেক পরিবারের সংগ্রহে থাকা গোখাদ্য বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে। অনেকে গবাদিপশু নিয়েই আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। এমন পরিস্থিতিতে গরু–ছাগল সঙ্গে রাখা বাড়তি ঝামেলা মনে করছেন তাঁরা। ফলে গৃহপালিত এসব প্রাণী কম দামে বিক্রি করে দিতে চাইছেন অনেকে। কোরবানির পশুর হাটে এর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

কৃষক আজিবুর রহমানের (৫৫) বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরপাড়ের কাইক্কারপাড় গ্রামে। তাঁর পরিবারের সদস্যসংখ্যা আট। বন্যার পানিতে ঘরবাড়ি ডুবে যাওয়ায় সবাই আশ্রয় নিয়েছেন সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের পাশে খুপরি তুলে। সঙ্গে রয়েছে চারটি গরু। বানের স্রোতে বসতঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। পানিতে পচে গেছে সব গোখাদ্য। নিজেরা টেনেটুনে দিনে একবেলা খেতে পারলেও পশুগুলোর মুখে তুলে দিতে পারছেন না কিছুই। তাই গরু বিক্রি করে দেওয়ার চিন্তা করছেন আজিবুর।

গত ১৬ জুন বন্যার পানিতে বাড়িঘর সব তলিয়ে যাওয়ার পর কাইক্কারপাড় ও জয়কলস গ্রামের অনেক পরিবার আশ্রয় নেয় ওই সড়কের আহসানমারা সেতুর পাশে। এখনো খুপড়িঘরে আছে ১৫ থেকে ২০টি পরিবার। গত সোমবার বিকেলে সেখানে আজিবুর রহমান বলেন, একদিকে গোখাদ্যের সংকট, অন্যদিকে থাকার জন্য ঘর তুলতে হলে টাকার দরকার। তাই গরু বিক্রি ছাড়া আর কোনো উপায় নেই।

শান্তিগঞ্জ থেকে সুনামগঞ্জ সদরে পথের দুই ধারে বিভিন্ন স্থানে গবাদিপশু বেঁধে রাখতে দেখা গেছে। পাশের গ্রামগুলোতে এখনো বন্যার পানি আছে। তাই মানুষ যেমন ফিরতে পারছেন না। নেই গবাদিপশু চরানোর জায়গাও। সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আবদুস সালামের (৫০) ১০টি গরু বেঁধে রাখা ছিল সড়কের পাশে। তিনি বলেন, ‘বোবা প্রাণীগুলোর জন্য এখন যত চিন্তা। এখনো বাড়ির আঙিনায় পানি। খড় পচে গেছে। এখন এগুলোকে কী খাওয়াব জানি না। সরকার থেকেও কোনো সহায়তা পাইনি।’

এরপর সুনামগঞ্জ সদর উপজেলার ওয়েজখালী এলাকায় এসে সড়কের পূর্ব পাশে একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় বেঁধে রাখতে দেখা যায় শতাধিক গরু-ছাগল। সাততলা নির্মাণাধীন ওই ভবনে কেবল ছাদগুলো করা হয়েছে। পানি নেমে যাওয়ায় অনেক পরিবার সেখান থেকে বাড়িতে ফিরেছে। তবে উঠান ও গোয়ালে পানি থাকায় গরুগুলো এখনো ওই ভবনেই রাখা আছে।

তাহিরপুর উপজেলার বাসিন্দা হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা প্রথম আলোকে বলেন, তিন দিন ধরে তাঁরা হাওর এলাকায় ঘুরছেন। গবাদিপশু নিয়ে মানুষের কষ্টের বিষয়টি দেখেছেন। প্রাণিসম্পদ বিভাগের এ নিয়ে তেমন কোনো তৎপরতাও চোখে পড়েনি। বাধ্য হয়ে এখন পানির দামে গবাদিপশু বিক্রির চিন্তা করছেন অনেকে।

গোখাদ্যের সংকটের কথা স্বীকার করে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রথম আলোকে, ‘৯০০ মেট্রিক টন গোখাদ্যের চাহিদা পাঠানো হয়েছে। এখনো বরাদ্দ পাওয়া যায়নি।’

এদিকে সিলেট জেলাতেও বন্যার্ত মানুষ ও খামারিরা গবাদিপশু নিয়ে সংকটে আছেন। কোরবানির হাটে কম দামে এসব পশু বিক্রি করতে প্রস্তুত রয়েছেন তাঁরাও। তবে বন্যার সুযোগ নিয়ে কেউ যাতে কম দামে গবাদিপশু কিনে বেশি দামে বিক্রি করতে না পারেন, সেদিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

সিলেট শহরতলির মেজরটিলা মোহাম্মদপুর এলাকার কোরেশি অ্যাগ্রো ফার্মসের পরিচালক জাকোয়ান কোরেশি বলেন, ‘গোখাদ্যের সংকট রয়েছে। আগে গরুর খাবার বস্তাপ্রতি ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায় পাওয়া যেত। এখন সেগুলো ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এ জন্য কোরবানির পশুর হাটে অর্ধশতাধিক গরু বিক্রি করে দিতে চাই। এতে খরচ কিছুটা হলেও কমিয়ে আনা যাবে।’ সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় ৩৫টি এবং মহানগর এলাকায় ৬টি পশুর হাটে আগামী দু–এক দিনের মধ্যেই কোরবানির পশুর বেচাকেনা শুরু হয়ে যাবে।

সিলেট জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার তালিকাভুক্ত খামারিদের মধ্যে ৭৭ হাজার গরু–ছাগল বিক্রির জন্য প্রস্তুত রয়েছে। এ ছাড়া প্রান্তিক কৃষক ও শৌখিন ব্যক্তিদের কাছে রয়েছে আরও ৫০ থেকে ৬০ হাজার গরু-ছাগল। সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রুস্তম আলী প্রথম আলোকে বলেন, বন্যার কারণে বাজারের গতিবিধি এখনই বলা মুশকিল।