গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, যুবলীগ নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে গৃহবধূকে (২৬) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা সুমন মাঝিকে আটক করা হয়েছে। আজ রোববার দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করা হয়।

এর আগে রোববার ভোরে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সুমন তেওয়ারীগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তাঁর বাড়ি সদর উপজেলার চরমটুয়া গ্রামে।

পুলিশ ও ভুক্তভোগী গৃহবধূ জানান, প্রতিবন্ধী ভাই ও ছেলেকে নিয়ে রাতে ঘরে ছিলেন তিনি। গভীর রাতে সিঁধ কেটে পাঁচজন তাঁদের ঘরে ঢোকে। একপর্যায়ে তারা তাঁকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ সময় যুবলীগ নেতা সুমনসহ সবাইকে চিনে ফেলেন তিনি।

তবে ওই গৃহবধূকে ধর্ষণের অভিযোগের বিষয়ে যুবলীগ নেতা সুমন মাঝির ভাই মিজানুর রহমান বলেন, ‘ওই গৃহবধূদের সঙ্গে তাঁদের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ জন্য পরিকল্পিতভাবে আমার ভাইকে ফাঁসানো হচ্ছে। আমার ভাই ঘটনাটির সঙ্গে জড়িত নয়।’

স্থানীয় তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক হোসাইন বলেন, ‘ধর্ষণের ঘটনাটি এলাকার লোকজনের কাছ থেকে শুনেছি। ঘটনাটি দুঃখজনক।’

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আনোয়ার হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসাধীন। তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ সদর হাসপাতালে গিয়ে ওই গৃহবধূর সঙ্গে কথা বলেছে। প্রাথমিক তদন্তে ঘটনাটির সত্যতা পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রধান অভিযুক্ত সুমনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।