গভীর রাতে ছাত্রাবাসে ফিরলেন বিতাড়িত শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেতা–কর্মীদের ওপর হামলার অভিযোগে প্রায় ৫০ শিক্ষার্থীকে ছাত্রাবাস থেকে বের করে দেয় ছাত্রলীগ। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ
ছবি: প্রথম আলো

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের শহীদ ডা. শামসু‌দ্দিন আহমদ ছাত্রাবাস থেকে বিতাড়িত শিক্ষার্থীরা ছাত্রাবাসে ফিরেছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে প্রায় ৫০ শিক্ষার্থীকে ছাত্রাবাস থেকে বের করে দিয়েছিল ছাত্রলীগ। নেতা-কর্মীদের দাবি, যাঁদের বের করে দেওয়া হয়, তাঁরা শিবিরের কর্মী। রাত পৌনে একটার দিকে বিতাড়িত শিক্ষার্থীরা ছাত্রাবাসে ফেরেন।

গতকাল বুধবার দিবাগত রাত ১২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত ছাত্রাবাসের সামনে অবস্থান নিয়ে দেখা গেছে, ছাত্রাবাসের সামনে শতাধিক পুলিশ সদস্য অবস্থান করছেন। ছাত্রাবাসের বাইরে রিকাবীবাজার-চৌহাট্টা সড়কে রাখা ছিল পুলিশের জলকামান। রিকাবীবাজার মোড়ে ছিল পুলিশের সাঁজোয়া যান। ছাত্রাবাসের ভেতরে ছাত্রলীগ নেতা-কর্মীরা কিছুক্ষণ পরপর ভেতরে মিছিল করছিলেন। তাঁদের হাতে লাঠিসোঁটা দেখা গেছে। অন্যদিকে ছাত্রাবাসের ফটকের ডান পাশে বিতাড়িত শিক্ষার্থীরা দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাঁদের বক্তব্য জানতে চাইলে তাঁরা বক্তব্য দেবেন না বলে জানান। রাত পৌনে একটার দিকে ছাত্রাবাস থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে নগরের রিকাবীবাজারের দিকে চলে যান। পরে তাঁরা রিকাবীবাজার মোড়ে অবস্থান নেন। তখন ছাত্রাবাসের বাইরে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা ছাত্রাবাসে ফিরে যান।

সরেজমিনে দেখা যায়, রাত দেড়টার দিকে রিকাবীবাজার মোড় থেকে মিছিল নিয়ে আবার ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রাবাসে প্রবেশ করেন। এ সময় সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান, সাধারণ সম্পাদক নাইম আহমদ, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসানসহ ছাত্রলীগের নেতা-কর্মীদের দেখা যায়। এ সময় তাঁদের ছাত্রাবাসের প্রধান ফটকের ভেতরে অবস্থান নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে দেখা গেছে। তখন ছাত্রলীগের বেশ কয়েক নেতা-কর্মীর হাতে লাঠিসোঁটা দেখা যায়। রাত দুইটার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রাবাসের মধ্যে মিছিল করেন। পরে রাত আড়াইটার দিকে তাঁরা ছাত্রাবাস থেকে চলে যান। রাত পৌনে তিনটা পর্যন্ত ছাত্রাবাসের সামনে ও আশপাশের এলাকায় পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

ছাত্রাবাসে বুধবার গভীর রাতে মিছিল করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরাও অংশ নেন
ছবি: প্রথম আলো

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, ঐতিহ্য সংস্কৃতি পরিষদ নামের জামায়াত-শিবির নিয়ন্ত্রিত সংগঠনের কর্মীরা ছাত্রাবাসের বি ব্লকে অবস্থান করছিলেন। তিন দিন আগে ওই ব্লকের একটি কক্ষে একটি রামদা পাওয়া গেছে। বিষয়টি জানতে চাইলে গতকাল রাতে শিবিরের বহিরাগত নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে হামলা চালান ওই ব্লকের কয়েকজন। পরে শিক্ষার্থীদের ওপর হামলা করায় ছাত্রলীগের নেতৃত্বে তাঁদের ছাত্রাবাস থেকে বের করে দেওয়া হয়। তিনি বলেন, ছাত্রাবাসে বহিরাগত শিবিরের নেতা-কর্মীরাও থাকেন।

আরও পড়ুন

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ প্রথম আলোকে বলেন, বুধবার রাতে ছাত্রাবাসের সিট নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করেছে। তবে ছাত্রাবাসের পরিস্থিতি শান্ত ছিল।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. ময়নুল হক বলেন, ‘ছাত্রাবাসে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পরে আমরা গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে হলে ফিরিয়েছি। সংঘর্ষের ঘটনা ঘটেনি।’