গভীর রাতে প্রতিবন্ধী তরুণীকে নির্যাতন, ভিডিও ফেসবুকে
ভিডিওতে ওই তরুণীকে যে দুই ব্যক্তিকে নির্যাতন করতে দেখা যায়, তাঁদের বাড়ি উপজেলার তুলাসার ইউনিয়নে। ঘটনাটি ঘটে ইউনিয়নের একটি গ্রামের কুদ্দুস আকন নামের এক ব্যক্তির বাড়িতে।
শরীয়তপুর সদর উপজেলায় এক প্রতিবন্ধী তরুণীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। গতকাল নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ ঘটনা জানাজানি হয়। ভিডিও দেখে নির্যাতনকারী দুজনকে শনাক্ত করেছেন স্থানীয় লোকজন। তবে ওই তরুণীকে শনাক্ত করা যায়নি।
ভিডিওতে ওই তরুণীকে যে দুই ব্যক্তিকে নির্যাতন করতে দেখা যায়, তাঁদের বাড়ি উপজেলার তুলাসার ইউনিয়নে। তাঁরা হলেন জামিল শরীফ ও বাবু ফকির।
এই ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ ফকির বলেন, গতকাল ভিডিওটি তাঁর নজরে আসে। নির্যাতনের শিকার তরুণীকে মাসখানেক ধরে ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরতে দেখেছেন স্থানীয় লোকজন। কিন্তু কেউ তাঁর ঠিকানা, পরিচয় বলতে পারেননি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে ওই তরুণীকেও আর এলাকায় দেখা যাচ্ছে না। নির্যাতনকারীদের বিষয়ে তিনি থানা-পুলিশকে জানিয়েছেন।
১২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, গভীর রাতে একটি বসতঘরের সিঁড়ি বারান্দায় এক তরুণী বসে আছেন। তাঁর পাশে বসে ও দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুজনকে। তাঁরা কথা বলছিলেন। একপর্যায়ে তরুণীকে পেটাতে শুরু করেন একজন।
ভিডিওটি দেখার পর স্থানীয় কয়েকজন খোঁজ নিয়ে জানতে পারেন ঘটনাটি ঘটে ইউনিয়নের একটি গ্রামের কুদ্দুস আকন নামের এক ব্যক্তির বাড়িতে। ওই গ্রামের বাসিন্দা ও নির্যাতনকারী দুজনের বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে।
কুদ্দুস আকনের স্ত্রী রহিমা বেগম বলেন, সপ্তাহখানেক আগে রাতে হঠাৎ একটি মেয়ে ঘর খুলতে বলেন। তিনি ভয়ে দরজা না খুলে বিষয়টি মুঠোফোনে এক আত্মীয়কে জানান। পরে সেই আত্মীয়ের পরামর্শে তিনি দরজা আটকে ঘরেই বসে থাকেন। এর কিছুক্ষণ পর চিৎকার ও মারধরের শব্দ শুনতে পান। তবে ভয়ে তিনি দরজা খুলে বাইরে কী ঘটছে, তা দেখার সাহস পাননি।
গ্রামে গিয়ে অভিযুক্ত দুই নির্যাতনকারীর খোঁজ পাওয়া যায়নি। মুঠোফোন নম্বরও বন্ধ পাওয়া যায়। তাঁদের পরিবারের সদস্যরাও এ বিষয়ে কোনো কথা বলতে চাননি।
জানতে চাইলে শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন বলেন, ভিডিওটি পুলিশের হাতে এসেছে। ইতিমধ্যে ঘটনাটি তদন্ত করার জন্য এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।